(বাঁ দিকে) গৌরব খন্না, (ডান দিকে) আকাঙ্খা চমোলা। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে আলোচনায় ‘বিগ বস্ ১৯’ জয়ী গৌরব খন্না ও তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চমোলা। দীর্ঘ ১০ বছরের বিবাহিতজীবন তাঁদের। সম্প্রতি এক রিয়্যালিটি অনুষ্ঠানে এসে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরেই তাঁরা আলাদা থাকছেন। এই কথা শুনে চমকে যান অনুষ্ঠানের সঞ্চালক রীতেশ দেশমুখ ও ফরাহ খান। তাঁদের বিচ্ছেদের কারণ হিসাবে নানা কথা উঠছে। আকাঙ্ক্ষার বাবা অভিযোগের আঙুল তুলেছেন জামাই গৌরবের দিকে। এ বার বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা।
চলতি বছরের জানুযারি মাসেই বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেন তাঁরা। পরে অবশ্য নিজেরাই তা অস্বীকার করেন। এ বার নতুন এই রিয়্যালিটি অনুষ্ঠানে এসে গৌরব প্রসঙ্গে আকাঙ্ক্ষা বলেন, ‘‘আমাদের মধ্যে সব কিছু খারাপ হয়ে গিয়েছে, এমনটা নয়। আমরা এখনও একে অপরের সঙ্গে কথা বলি। তবে সঙ্গী হিসাবে একে অপরের উপযুক্ত নই আমরা। গত এক বছর ধরে আলাদা রয়েছি। দু’জনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’ মাসকয়েক আগেই আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি রয়েছে সন্তান। ‘বিগ বস্’-এর ঘরে একাধিক বার গৌরব জানান, তিনি সন্তান পছন্দ করেন। স্বামীর থেকে একেবারে ভিন্ন মত ছিল আকাঙ্ক্ষার। সেই নিয়ে মনোমালিন্যও অনুরাগীদের জানা।
এ বার তিনি জানান, তাঁর মধ্যে মাতৃত্বের কোনও অনুভূতি নেই। গৌরব সেটা জানতেন। তার পরেও দু’জনের সম্মতিতেই বিয়ে করেন। কিন্তু, গৌরব নাকি আগে যা বলেছেন এবং এখন যা করছেন, সেটা তাঁদের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। আকাঙ্ক্ষার কথায়, ‘‘আমি সব সময়েই এই জীবনটা উপভোগ করতে চেয়েছি। অনেক কিছু দেখতে চেয়েছি। গৌরবও কখনও আপত্তি জানায়নি। কিন্তু হঠাৎ ওর আচরণে পরিবর্তন লক্ষ করি। এখন ওর সন্তান দরকার। কিন্তু আমার মোটেই সন্তানের প্রয়োজন নেই।’’
অন্য দিকে আকাঙ্ক্ষার বাবা সম্প্রতি জানান, জামাই অভিনেতা হিসাবে ভাল, কিন্তু সংসারের খরচ টানতে পারতেন না। সেই কারণে, তাঁর মেয়ে নাকি গত এক বছর ধরে আলাদা থাকছেন। এই মুহূর্তে রিয়্যালিটি অনুষ্ঠানের অন্দরে রয়েছেন আকাঙ্ক্ষা। তাঁর দাম্পত্য নিয়ে চলছে নানা রকমের আলোচনা। যদিও এর মাঝেই নতুন একটি বাড়িতে থাকা শুরু করেছেন অভিনেতা। সেই বাড়ির ভিডিয়ো পোস্ট করেছিলেন। তবে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।