Akshaye kumar

শ্বশুর রাজেশ খন্না নন, অমিতাভ বচ্চনই তাঁর অনুপ্রেরণা! কী বললেন অক্ষয় কুমার?

রাজেশ খন্নার জামাই অক্ষয় কুমারেরও অনুপ্রেরণা নাকি অমিতাভ। কেন রাজেশের থেকে অনুপ্রাণিত নন অক্ষয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২০:১৮
Akshay Kumar on why he chose Amitabh Bachchan over Rajesh Khanna As inspiration

রাজেশ নন, অমিতাভকে দেখে কেন অনুপ্রাণিত হন অক্ষয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হিন্দি সিনেমাজগতের প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খন্না। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে অভিনয় শুরু করেছিলেন তিনি। পাঁচ দশকের কাছাকাছি ইন্ডাস্ট্রিতে থেকেছেন। কিন্তু রাজেশের জনপ্রিয়তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না। অন্য দিকে, অমিতাভ বচ্চন এখনও তাঁর জনপ্রিয়তা ধরে রেখেছেন। দু’জনেই প্রায় এক সময়ে কেরিয়ার শুরু করলেও রাজেশকে টেক্কা দেন অমিতাভ। এমনকি, রাজেশের জামাই অক্ষয় কুমারেরও অনুপ্রেরণা নাকি অমিতাভ। কেন রাজেশের থেকে অনুপ্রাণিত নন অক্ষয়?

Advertisement

১৯৬৯ সালে বলিপাড়ায় প্রথম পা রাখেন অমিতাভ। পাঁচ দশকে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি ফিল্‌মজগতে দ্বিতীয় সুপারস্টার এবং পরবর্তী কালে মেগাস্টার হিসাবে নিজের পরিচিতি গড়ে তোলেন অমিতাভ। কিন্তু সেদিক থেকে রাজেশ প্রথম জীবনেই অনেক তাড়াতাড়ি সাফল্য পান। কিন্তু তা ধরে রাখতে পারেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে অক্ষয়কে তাঁর জীবনে কোন অভিনেতাদের থেকে অনুপ্রাণিত হন সেই প্রশ্ন করলেই অক্ষয় অমিতাভ বচ্চন ও মেহমুদদের মতো অভিনেতার নাম উল্লেখ করেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কেন অক্ষয়ের তালিকায় ব্রাত্য তাঁর ‘সুপারস্টার’ শ্বশুর!

সেই প্রসঙ্গেই অক্ষয় বলেন, ‘‘আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। জীবনে কী কী করব না সেটা শিখেছি। উনি নিজের বাড়িতে বসিয়ে আমাকে বলতেন কী কী ভুল উনি করেছেন। ওঁর মতো তারকা ভারত আগে দেখেনি।’’ আসলে অক্ষয় তাঁর শ্বশুরের জীবনের পতনের সময়ের কথা ছুঁয়ে গিয়েছেন । অভিনেতা হিসেবে রাজেশের নেওয়া ভুল সিদ্ধান্তের কথা ভেবেই বাকি দুই তারকাকেই অনুপ্রেরণার জায়গা দিলেন।

সাফল্য ও ব্যর্থতা অক্ষয়ের জীবনেও এসেছে তবে অভিনেতা জানান, তিনি জীবনে কোনও কিছুকেই খুব গুরুত্ব দেন না। তিনি কেবল জানেন তাঁকে কাজ করে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন