Hera Pheri 3 Postponed

আবার থমকে কাজ, ‘একাধিক সমস্যা রয়েছে’! পরেশ-সুনীলের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ এখনই হচ্ছে না, জানালেন অক্ষয়

পরেশ রাওয়াল, সুনীল শেট্টী ও অক্ষয় কুমার অভিনীত এই ফ্র্যাঞ্চাইজ়ি বহু দিন ধরেই চর্চায়। ‘হেরা ফেরি’ বা ‘ফির হেরা ফেরি’র স্মৃতি এখনও দর্শকের মনে টাটকা। তাঁরা অপেক্ষায় তৃতীয় ছবির। কিন্তু, একের পর বিতর্কের মুখে পড়ে সেই ছবির কাজ ক্রমাগত পিছিয়েই যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১২:১৭
কবে মুক্তি পাবে ‘হেরা ফেরি ৩’?

কবে মুক্তি পাবে ‘হেরা ফেরি ৩’? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ দিন ধরে অপেক্ষায় দর্শক। কিন্তু, এখনই নাকি তৈরি হচ্ছে না ‘হেরা ফেরি ৩’! সম্প্রতি এমনই ঘোষণা করে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’। সেই আবহেই ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবি প্রসঙ্গে বললেন তিনি।

Advertisement

পরেশ রাওয়াল, সুনীল শেট্টী ও অক্ষয় কুমার অভিনীত এই ফ্র্যাঞ্চাইজ়ি বহু দিন ধরেই চর্চায়। ‘হেরা ফেরি’ বা ‘ফির হেরা ফেরি’র স্মৃতি এখনও দর্শকের মনে টাটকা। তাঁরা অপেক্ষায় তৃতীয় ছবির। কিন্তু, একের পর বিতর্কের মুখে পড়ে সেই ছবির কাজ ক্রমাগত পিছিয়েই যাচ্ছে। ২০২৫ সালের মে মাসে পরেশ ঘোষণা করেছিলেন, তিনি এই ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই থেকে শুরু হয় বিতর্ক। শোনা যায়, মাঝপথে বেরিয়ে যাওয়ার জন্য নাকি অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস্’ পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলাও করে। যদিও পরে পরেশ ফিরে আসেন এই ছবিতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, ‘হেরা ফেরি ৩’ এখনই হচ্ছে না।

অক্ষয়ের কথায় দৃশ্যত হতাশা প্রকাশ করেন সঞ্চালকও। অক্ষয় বলেন, “আমিও প্রথমে এ ভাবেই চমকে গিয়েছিলাম। কোনও ব্যাপার নয়, ‘ওয়েলকাম’ বানিয়ে নিয়েছি। এ বার মনে হচ্ছে মন্ত্র পড়তে হবে, যাতে সব ঠিক হয়ে যায়। আগামী এক বছর অন্তত হচ্ছে না (ছবির কাজ)। এই ছবি নিয়ে একাধিক সমস্যা রয়েছে। এমন নয় কিন্তু যে, আমরা তিন জন (অক্ষয়, সুনীল, পরেশ) একসঙ্গে কাজ করতে চাইছি না। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে আমরা তিন জনেই আছি। কিছু কিছু জিনিস আছে, যেগুলো ক্যামেরার সামনে বলতে পারব না। একাধিক জিনিস আছে, বোঝাপড়া আছে, যার জন্য কাজটা পিছিয়ে যাচ্ছে।”

তবে দর্শককে আশ্বস্ত করে অক্ষয় বলেন, যখন সঠিক সময় হবে, এই ছবি অবশ্যই তৈরি হবে। রসিকতা করে বলেন, “আশা করছি, তত দিনে প্রচণ্ড বুড়িয়ে যাব না।” প্রথম ‘হেরা ফেরি’ মুক্তি পেয়েছিল ২০০০ সালে। প্রিয়দর্শনের পরিচালনায় সেটি কমেডি ঘরানার অন্যতম উল্লেখযোগ্য ছবি। এর পরে ‘ফির হেরা ফেরি’ মুক্তি পায় ২০০৬ সালে।

Advertisement
আরও পড়ুন