আলির ছবি ‘তেরে বিন লাদেন’ দেখে মুগ্ধ হন শাহরুখ! ছবি: সংগৃহীত।
শাহরুখ খানের থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আলি জ়াফর। কাজের প্রস্তাবের পাশাপাশি নাকি খাওয়াদাওয়ার আমন্ত্রণও পেয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান পাকিস্তানি অভিনেতা ও গায়ক।
ভারতের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন আলি জ়াফর। বেশ কয়েকটি গানও গেয়েছেন তিনি। আলির ছবি ‘তেরে বিন লাদেন’ দেখে নাকি তাঁকে পছন্দ করেছিলেন শাহরুখ। এক্স হ্যান্ডলে আলির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলিউডের বাদশা। জানিয়েছিলেন, এই ছবি সন্তানদের সঙ্গে বসে দেখেছেন এবং তাঁদের সকলের খুব ভাল লেগেছে। আলিও অনুরাগী শাহরুখের। তাঁর কথায়, “তিনি খুবই দয়ালু। উদার মনের মানুষ। আমিও ওঁর বড় ভক্ত।”
‘কিল দিল’ নামে একটি ছবির শুটিং করছিলেন আলি। সেই সময়ে শাহরুখের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। এই প্রসঙ্গে আলি বলেন, “‘কিল দিল’ ছবির শুটিং করার সময়ে ওঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ। তিনি বলেছিলেন, ‘আরে, তুমি এখন এখানে আছো। বন্ধুদেরও এখানে নিয়ে এসো। আমি তোমাদের জন্য একটা খাওয়াদাওয়ার পার্টির আয়োজন করছি।’ বিশেষ ভাবে নিজের বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন শাহরুখ।”
আলির গাওয়া গান ‘সুন রে সজনিয়া’ শুনেও পছন্দ করেছিলেন শাহরুখ। তার পরে একটি বিশেষ অনুরোধ এসেছিল শাহরুখের তরফ থেকে। নিজের ছবির জন্য গান ‘দর্দ-এ-ডিস্কো’ গেয়ে শোনাতে বলেছিলেন আলিকে। এই গানটি আলিকে দিয়েই গাওয়াতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই সময়ে পাকিস্তানি শিল্পী সময় করে উঠতে পারেননি। পরে সেই গানটি গেয়েছিলেন সুখবিন্দর সিংহ ও বিশাল দদলানী।
একসঙ্গে শাহরুখ ও আলি। ছবি : সংগৃহীত।
শুধু শাহরুখ নন। সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের সঙ্গেও সাক্ষাতের কথা বলেন আলি। বিগ বি-কে তিনি একটি হাতে আঁকা ছবি উপহার দিয়েছিলেন, যেটি বলিতারকার খুব পছন্দ হয়েছিল।