Amaal Mallik

‘আমার বাবা ওঁর জন্য অবসাদে ভুগেছেন, অনেক ক্ষতি হয়েছে’, অনু মালিকের উপর ক্ষোভ অমালের

বছরের পর বছর ধরে অনু ও ডব্বু মালিকের মধ্যে পেশাগত প্রতিযোগিতা নিয়ে নানা জল্পনা চলেছে। বাইরে থেকে তাঁদের খুব কাছের মনে হলেও ভিতরে নানা সমস্যা ছিল, জানান অমাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:১৬
Amal Malik said that because of Anu Malika his father suffered a lot

অনুর উপর ক্ষোভ উগরে দিলেন অমাল। ছবি: সংগৃহীত।

অনু মালিক সঙ্গীতশিল্পী হিসাবে ভাল। কিন্তু মানুষ হিসাবে তেমন ভাল নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাকাকে নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন অমাল মালিক। দাবি করলেন, অনু মালিকের জন্যই তাঁর বাবা ডব্বু মালিকের কেরিয়ার নষ্ট হয়েছিল। বাবা ও কাকার মধ্যে সম্পর্কের টানাপড়েন নিয়েও কথা বলেন অমাল। দুই ভাইয়ের সম্পর্ক নাকি খুব সহজ ছিল না।

Advertisement

বছরের পর বছর ধরে অনু ও ডব্বু মালিকের মধ্যে পেশাগত প্রতিযোগিতা নিয়ে নানা জল্পনা চলেছে। বাইরে থেকে তাঁদের খুব কাছের মনে হলেও ভিতরে নানা সমস্যা ছিল, জানান অমাল। তাঁর দাবি, এই সমস্যাগুলির কারণেই তাঁর বাবা দীর্ঘ দিন অবসাদে ভুগেছেন।

সাক্ষাৎকারে অমাল বলেন, “ডব্বু মালিক ও অনু মালিক যখন দেখা করেন, তখন তাঁদের আলাদা করা যায় না। তাঁরা পাগল ভাইয়ের মতো। কিন্তু কাজের ক্ষেত্রে বিষয়টা অন্য রকম। অনু মালিক একটু বেশিই আগ্রাসী। দুই ভাইয়ের মধ্যে পেশাগত সমস্যা ছিল।”

দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে অমাল আরও বলেন, “অনু মালিক আমার বাবার সঙ্গে খুবই প্রতিযোগিতা করতেন। তিনি প্রমাণ করতে চাইতেন যে তিনিই পরিবারের সেরা সঙ্গীত পরিচালক। অনেক সময় তিনি আমার বাবার কাজ কেড়েও নিয়েছেন। আমার বাবা কোনও কাজ পেলে, তিনি সেই ছবির প্রযোজকদের কাছে গিয়েই কম টাকায় বা বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব দিতেন।”

এই প্রতিযোগিতার কুপ্রভাব পড়েছিল ডব্বু মালিকের উপরে, জানান অমাল। তাঁর কথায়, “আমার বাবা ৩২ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত অবসাদে ভুগেছিলেন। ছোটবেলা থেকেই আমি সব দেখেছি। ১৬ বছর বয়স থেকেই কাজ শুরু করি। আমার একটাই লক্ষ্য ছিল— নিজের কাজ দিয়ে সব প্রমাণ করতে হবে।”

অমাল জানান, তাঁর বাবা প্রায় ৭০টি ছবিতে কাজ করেছেন। কিন্তু কেউ তাঁকে সেই ভাবে আর সুযোগ দেননি। সবাই অনু মালিককেই চিনতেন। তাই অমালের ইচ্ছা, “আমি চাই, একদিন মানুষ তাঁকে অমাল আর আরমান মালিকের কাকা হিসেবে চিনুক।”

Advertisement
আরও পড়ুন