আলিয়ার দিদি শাহীনের প্রেমিক পেশায় কী? ছবি: সংগৃহীত।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলিয়া ভট্টের দিদি শাহীন ভট্ট। সম্প্রতি বাগ্দান সেরেছেন তিনি। সুখবর নিজেই ঘোষণা করলেন সমাজমাধ্যমে। পরিচয় করিয়ে দিলেন প্রেমিক ঈশান মেহরার সঙ্গে।
প্রেমিকের সঙ্গে বেশ কয়েকটি সোহাগী ছবি ভাগ করে নিলেন শাহীন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, শাহীনের অনামিকায় হিরের আংটি। হাত তুলে সেই আংটি দেখাচ্ছেন আলিয়ার দিদি। ছবিগুলির সঙ্গে তিনি লিখেছেন, “পরস্পরকে পছন্দ করার বিষয়টা আমরা একটু বেশিই করে ফেলেছি হয়তো।” রসিকতা করে আবার একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
তার পর থেকেই প্রশ্ন উঠছে, শাহীনের প্রেমিক ঈশান আসলে কে? জানা যাচ্ছে, ঈশান আসলে একজন শরীরচর্চা প্রশিক্ষক। পাশাপাশি তিনি একজন আন্তর্জাতিক স্তরের প্রাক্তন সাঁতারু। আন্তর্জাতিক স্তরে একাধিক বার তিনি ভারতের প্রতিনিধিত্বও করেছেন।
ঈশানের সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যায়, তাঁর জীবনের অনেকটা সময় কাটে শরীরচর্চা কেন্দ্রে। জিমে শরীরচর্চা করার ভিডিয়ো প্রায়ই তিনি ভাগ করে নেন। ইনস্টাগ্রামে তাঁর ৯ হাজার অনুসরণকারী রয়েছে। অন্য দিকে শাহীন পেশায় লেখিকা। মানসিক স্বাস্থ্য নিয়েও তিনি কাজ করেন।
বেশ কিছু দিন ধরে ঈশানের সঙ্গে সম্পর্কে আছেন শাহীন। তবে তাঁদের প্রথম সাক্ষাৎ কী ভাবে, তা এখনও স্পষ্ট নয়। গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন শাহীন ও ঈশান। প্রেমিকের জন্মদিনে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তিনি। পরে শাহীনের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন ঈশান।
শুক্রবার বাগ্দানের কথা ঘোষণা করতেই দিদিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বোন আলিয়া। এ ছাড়াও অনন্যা পাণ্ডে লিখেছেন, “শাহীন, তোমার জন্য আমি সত্যিই খুশি। অনেক ভালবাসা।” নীতু কপূরও তাঁর পুত্রবধূর দিদিকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিণীতি চোপড়া, নব্যা নবেলী নন্দ, ঋদ্ধিমা কপূর, শনায়া কপূর, অর্জুন কপূরও জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। বাগ্দান হয়ে গেলেও, তাঁরা বিয়ে কবে করবেন, তা এখনও ঘোষণা করেননি।