Anurag Kashyap

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’! এ বার জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা, বিতর্কে অনুরাগ কাশ্যপ

অনুরাগের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন আইনজীবী এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা কমলেশ রাভাল। তাঁর অভিযোগ, সমাজমাধ্যমে পরিচালকের করা পোস্টে গোটা ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:২২
অনুরাগের কোন মন্তব্যে বিতর্ক?

অনুরাগের কোন মন্তব্যে বিতর্ক? ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে অনুরাগ কাশ্যপ। তাঁর বিরুদ্ধে উঠল ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ। অনুরাগের বিরুদ্ধে গুজরাতের সুরত আদালতে মামলা দায়ের হয়েছে।

Advertisement

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সমাজমাধ্যমে করা একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই আইনি জটিলতা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আদালত ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।

অনুরাগের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন আইনজীবী এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা কমলেশ রাভাল। তাঁর অভিযোগ, সমাজমাধ্যমে অনুরাগের করা পোস্টে গোটা ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে এবং এতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই ঘটনায় আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছে।

এই বিতর্কের সূত্রপাত হয় ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র ‘ফুলে’র ঝলক প্রকাশের পর। গত বছর ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ এই ছবির বিরোধিতা করেছিল। সেই প্রসঙ্গে অনুরাগ সমাজমাধ্যমে একটি মন্তব্য করেন, যা নিয়ে আপত্তি ওঠে। অভিযোগকারীর দাবি, আদালত থেকে একাধিক সমন পাঠানো হলেও পরিচালক হাজিরা দেননি। এর পরেই তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০২৫ সালের এপ্রিল মাসে অনুরাগ ব্রাহ্মণদের নিয়ে একটি ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন অনুরাগ। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে পরিচালককে কটাক্ষের শিকার হতে হয়। তখন আশুতোষ জে দুবে নামে এক আইনজীবী অভিযোগ দায়ের করেছিলেন।

আশুতোষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ট্যাগ করে একটি পোস্টে লিখেছিলেন, “ব্রাহ্মণ সম্প্রদায়ের এক সদস্য হিসাবে এই মন্তব্যে আমি খুবই আহত হয়েছি। এই ধরনের মন্তব্য জাতিবিদ্বেষের প্রতিফলন তো বটেই। তা ছাড়া এই মন্তব্য হিংসা ছড়াতে এবং সংবিধানের নৈতিক মর্যাদা লঙ্ঘন করতেও সক্ষম। মুম্বই পুলিশকে অনুরোধ করব, দ্রুত পদক্ষেপ করতে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তবে সেই অভিযোগে নাকি কোনও সুরাহা হয়নি। ফের নতুন করে কমলেশ রাভাল আদালতে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
আরও পড়ুন