Tateeree Phir Se

‘আপত্তিকর অংশ বাদ’! বিতর্কিত ‘টটীরী’ গানের নতুন সংস্করণ তৈরি করলেন বাদশা, মুক্তি কবে?

গত ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়েছিলেন বাদশা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। শুক্রবার শিল্পী ঘোষণা করলেন, এই গানের নতুন সংস্করণ আনতে চলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:১৭
‘টটীরী’ গানের নতুন সংস্করণ নিয়ে আসছেন বাদশা।

‘টটীরী’ গানের নতুন সংস্করণ নিয়ে আসছেন বাদশা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ‘টটীরী’ নামে একটি গান তৈরি করে বিপাকে জড়িয়েছেন জনপ্রিয় র‌্যাপার বাদশা। প্রবল সমালোচনার মুখে সেই গান সরিয়ে ফেলা হয় সমস্ত ‘স্ট্রিমিং প্ল্যাটফর্ম’ থেকে। শুক্রবার শিল্পী ঘোষণা করলেন, এই গানের নতুন সংস্করণ আনতে চলেছেন তিনি। মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই মুক্তি পাবে সেই নতুন গানটি। সেই গানে ‘আপত্তিকর’ কিছু থাকবে না বলেই তাঁর আশ্বাস।

Advertisement

সমাজমাধ্যমের পাতায় হিন্দিতে একটি বার্তা প্রকাশ করেছেন বাদশা। সেখানে তিনি হরিয়ানার বাসিন্দা ও সকল অনুরাগীদের উদ্দেশে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ‘টটীরী’ গানটি নিয়ে সরকারি আধিকারিক, মহিলা কমিশন, সমাজকর্মী ও অন্য অনেকের থেকে অনেক কিছু শুনেছি। তার উপর ভিত্তি করে, আমরা এই গানে প্রয়োজনীয় বদল ঘটিয়েছি এবং সমস্ত আপত্তিকর অংশ মুছে ফেলেছি। আমি সকলের প্রতিক্রিয়া ও আবেগকে সম্মান করি। শিল্পী হওয়ার পাশাপাশি এই সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতাও জরুরি।”

দীর্ঘ বার্তায় বাদশা আরও লেখেন যে, তিনি চিরকালই নির্দিষ্ট জায়গার সংস্কৃতি ও মানুষের কথাই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। “‘টটীরী ফির সে’ সেই দিকেই আমাদের পরবর্তী পদক্ষেপ। আপনাদের সমর্থন, কণ্ঠ এবং বিশ্বাসই গানটিকে জীবিত রেখেছে। আশা করছি, নতুন গানেও তা বজায় থাকবে।” সেই বার্তায় বাদশা ঘোষণা করেছেন যে, ১৪ এপ্রিল ‘টটীরী ফির সে’ মুক্তি পাবে।

গত ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়েছিলেন বাদশা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। খবর, কমিশনের কাছে ক্ষমা চেয়েছেন বাদশা। শুধু তা-ই নয়, সেই সঙ্গে ৫০ জন মেয়ের পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সঙ্গে কমিশনকে নাকি বাদশা এ-ও জানান, আগামী চার মাসের মধ্যেই নারীদের জন্য একটি ইতিবাচক গান তৈরি করবেন তিনি। ভবিষ্যতে তিনি এ ধরনের আর কোনও কাজ না করার কথাও দিয়েছেন। তা হলে, ‘টটীরী ফির সে’ কি সেই যাত্রারই প্রথম পদক্ষেপ?

Advertisement
আরও পড়ুন