Badshah Song

বিতর্কিত গানের ‘প্রায়শ্চিত্ত’ করতে ৫০ জন মহিলার দায়িত্ব নিচ্ছেন গায়ক বাদশা, আর কী কী করবেন?

বাদশার ‘টটীরী’ গানের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে হরিয়ানার মহিলা কমিশন। জল এত দূর গড়ায় যে, বাদশার গ্রেফতারির দাবি ওঠে। এ বার নাকি প্রায়শ্চিত্ত করতে চান বাদশা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:০৬
ক্ষমা চাইলেন বাদশা।

ক্ষমা চাইলেন বাদশা। ছবি: সংগৃহীত।

‘টটীরী’ নামে একটি গান তৈরি করে বিপাকে বাদশা। দাবি, সেই গানে নারীদের প্রতি রয়েছে কু-ইঙ্গিত। বিতর্কের মুখে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু, তাতেও মিটছে না সমস্যা। এই গানের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে হরিয়ানার মহিলা কমিশন। জল এত দূর গড়ায় যে, বাদশার গ্রেফতারির দাবি ওঠে। এ বার নাকি প্রায়শ্চিত্ত করতে চান বাদশা!

Advertisement

৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হন বাদশা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। খবর, এই ঘটনার পরে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়েছেন বাদশা। শুধু তা-ই নয়, সেই সঙ্গে ৫০ জন মেয়ের পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বাদশার আইনজীবী অক্ষয় দাহিয়া বলেছেন, ‘‘আমরা নারী উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি।” আইনজীবী জানান, বাদশা অন্তত ৫০ জন শিশুকন্যার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। নারীর কল্যাণে সমর্থিত অনুষ্ঠানগুলোর অর্থ সংগ্রহে সাহায্য করবেন তিনি। এ ছাড়াও অর্থনৈতিক ভাবে দুর্বল নারীদের খাওয়া-পরার খরচ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও কোন নারীদের সাহায্য করবেন তিনি বা সেই তালিকায় কারা থাকবেন, তা উল্লেখ করা হয়নি।

কমিশনকে বাদশা আরও জানান, আগামী চার মাসের মধ্যেই নারীদের জন্য একটি ইতিবাচক গান তৈরি করবেন তিনি। ভবিষ্যতে তিনি এ ধরনের আর কোনও কাজ না করার কথাও দিয়েছেন। বিতর্কিত গান ‘টটীরী’ প্রসঙ্গে বাদশার আইনজীবী জানান যে, গায়কের কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না এবং এটি সম্পূর্ণ সৃজনশীল একটি কাজ ছিল। তবে বিতর্কের মুখে তাঁরা তাঁদের ‘ভুল’ মেনে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন