Ena saha

অভিনয় করতে চাই, তবে এখন প্রযোজনা করার জন্য বেশি চিত্রনাট্য আসে: এনা

গত তিন বছরে তাঁর প্রযোজিত তেমন কোনও ছবিও মুক্তি পায়নি। শোনা যাচ্ছে, এনা প্রযোজিত একটি ছবি মুক্তি পাবে চলতি বছরেই। এই তিন বছর কোথায় ছিলেন এনা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:৫৪
এনা কি চিন্তিত?

এনা কি চিন্তিত? ছবি: সংগৃহীত।

২০২২ সালে মুক্তি পেয়েছিল এনা সাহা প্রযোজিত ‘চিনে বাদাম’ ছবিটি। মাঝে তিন বছর কেটে গিয়েছে। ‘অভিনেত্রী’ এনার সে ভাবে দেখা নেই। এমনকি, তাঁর প্রযোজিত তেমন কোনও ছবিও মুক্তি পায়নি। শোনা যাচ্ছে, এনা প্রযোজিত একটি ছবি মুক্তি পাবে চলতি বছরেই। এই তিন বছর ধরে কোথায় ছিলেন তিনি?

Advertisement

এনা আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের অভিনেত্রী সত্তাকে কখনও দূরে সরিয়ে রাখতে পারবেন না। প্রযোজক হিসাবে কী ভুল করেছেন, সে কথাও নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। কিন্তু তার পরেও এই তিন বছরে কেন সে ভাবে দেখা গেল না তাঁকে? এনা বললেন, “আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই , কাজ করতে চাই। কিন্তু, এখনও কেউ সে ভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই। বরং প্রযোজনা করার জন্যই বেশি চিত্রনাট্য আসছে আমার কাছে।”

এত বছর অভিনেত্রী হিসাবে কাটিয়ে ফেলার পরেও কেন এখনও কাজ পেতে সমস্যা হচ্ছে এনার? অভিনেত্রী বললেন, “জানি না। আমি তো কখনও কোনও গ্রুপের অংশ ছিলাম না। তাই এখন কেন সে সব নিয়ে প্রশ্ন উঠছে জানি না। সত্যি বলতে আমার মনে হয়, আমি একাহাতে সবকিছু সামলাতে পারি।”

এনার অবশ্য ধারাবাহিকে অভিনয় করতে কোনও সমস্যা নেই। শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। আপাতত ভাল সুযোগের অপেক্ষায় রয়েছেন এনা।

Advertisement
আরও পড়ুন