Akshay Kumar

বাদ দেওয়া হল একাধিক সংলাপ, দৈর্ঘ কমল ‘ভূত বাংলা’ ছবির, কেন ছাঁটা হল অক্ষয়ের ছবির অনেক অংশ?

সম্প্রতি জানা গিয়েছে, ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ অর্থাৎ সিবিএফসি ছবিটিকে ‘ইউ/এ’ শংসাপত্র দিয়েছে। তবে তার আগে নির্মাতাদের বেশ কিছু সংশোধন করতে হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:২৬
অক্ষয়ের ছবি থেকে কেন বাদ গেল বেশ কিছু অংশ?

অক্ষয়ের ছবি থেকে কেন বাদ গেল বেশ কিছু অংশ? ছবি: সংগৃহীত।

এখনও দিনকয়েক বাকি। ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমার অভিনীত, প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘ভূত বাংলা’। মুক্তি পাওয়ার আগেই এই ছবি নিয়ে বিপুল আলোচনা। ছবির প্রচার-ঝলক এবং গান ভালই সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু মুক্তি পাওয়ার আগে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছে নির্মাতাদের।

Advertisement

সম্প্রতি জানা গিয়েছে, ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ অর্থাৎ সিবিএফসি ছবিটিকে ‘ইউ/এ’ শংসাপত্র দিয়েছে। তবে তার আগে নির্মাতাদের ছবিতে বেশ কিছু বদল করতে হয়েছে। পরীক্ষক কমিটির নির্দেশ অনুযায়ী, ছবির ২৬ মিনিটের মাথায় থাকা একটি অশালীন শব্দ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া প্রায় এক ঘণ্টার মাথায় আরও কয়েকটি আপত্তিকর শব্দ সংশোধন করা হয়। ছবির শেষাংশে সাবটাইটেলে থাকা একটি অশালীন শব্দও বাদ দিতে বলা হয়েছে বলে খবর।

এ ছাড়াও ছবির প্রথমার্ধে নারীদের সম্পর্কে একটি অসম্মানজনক সংলাপ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। ধর্মীয় ও কুসংস্কারমূলক বিষয়বস্তুর ক্ষেত্রে উপযুক্ত নির্দেশাবলী যুক্ত করার কথাও বলা হয় নির্মাতাদের। প্রথমে এই ছবির দৈর্ঘ্য ছিল প্রায় ১৭০ মিনিট। কিন্তু সংশোধনের পর নির্মাতারা নতুন করে ছবি জমা দিলে মোট ৬৩টি দৃশ্য ছাঁটাই করা হয় বলে জানা গিয়েছে। ফলে বর্তমানে ছবির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড (প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড)।

সব মিলিয়ে, একাধিক কাটছাঁট ও পরিবর্তনের পর মুক্তির জন্য প্রস্তুত ‘ভূত বাংলা’। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এই ছবি। ছবিটি প্রথমে ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গিয়ে সেই ছবি মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল। ১৬ তারিখে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনেকেই অনুমান করেছিলেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পরে ছবির সহ-প্রযোজক একতা কপূর এই প্রসঙ্গে বলেছিলেন, “এখনও বক্সঅফিসে সফল ভাবে চলছে ‘ধুরন্ধর’, যা আমাদের গোটা চলচ্চিত্রজগতের কাছে খুব খুশির খবর। তাই আমাদের ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটো ছবির পক্ষেই তা ভাল হবে।” ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তব্বু, ওয়ামিকা গব্বী।

Advertisement
আরও পড়ুন