John Abraham

ভারতে কি সংখ্যালঘুরা নিরাপদ? নিজের ধর্মীয় পরিচয় নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম

তিনিও এ দেশে সংখ্যালঘু। জনের বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থী বা অগ্নি উপাসক পার্সি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:২২
Bollywood actor John Abraham said that he feels safe in India

ভারতের নিরাপত্তা নিয়ে কী বললেন জন? ছবি: সংগৃহীত।

ভারতে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে প্রায়ই তরজা চলতে থাকে। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন জন আব্রাহাম। তিনিও এ দেশে সংখ্যালঘু। জনের বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থী বা অগ্নি উপাসক পার্সি। ভারতে সংখ্যালঘুরা নিরাপদে নেই, তা মানতে নারাজ জন। বরং তাঁর বক্তব্য, ভারতেই তিনি সবচেয়ে নিরাপদ বোধ করেন।

Advertisement

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জন বলেছেন, “আমি একজন অভিনেতা। তাই লোকে হয়তো বলবে, অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। অভিনয় ছাড়াও অন্য কারণও থাকে, যার জন্য মানুষ পছন্দ বা অপছন্দ করে। আমি তো সংখ্যালঘু। কিন্তু আমি অন্য কোথাও এর চেয়ে নিরাপদ বোধ করিনি।”

জন নিজের ধর্ম নিয়ে বলেছেন, “আমি আমার দেশকে ভালবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনও সমস্যা নেই। পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে!” অভিনেতা জানিয়েছেন, কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখতে ইচ্ছে করে তাঁর। তিনি বলেছেন, “আমি ভারতীয় বলে গর্ববোধ করি। আমার চেয়ে ভারতীয় বোধহয় আর কেউ নেই।”

জনকে আগামী দিনে দেখা যাবে ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিতে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। পাকিস্তানের এক পুরুষের মধুচক্রের ফাঁদে পড়েছিলেন উজ়মা আহমেদ নামে এক ভারতীয় মহিলা। ২০১৭ সালে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। উজ়মাকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিংহ। সেই চরিত্রেই দেখা যাবে জনকে।

Advertisement
আরও পড়ুন