‘দাদা’ ছবির লুকে শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু। ছবি: সংগৃহীত।
অল্প ভুঁড়ি। নিকেলের চশমা, পরনে সাফারি স্যুট। চুল উল্টে আঁচড়ানো। ডান হাতের কব্জিতে দেবী মঙ্গলচণ্ডীর লাল তাগা। এই হলেন চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ওরফে ‘চণ্ডী গাঙ্গুলি’। ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা। তাঁকে নাকি গত কয়েক দিন ধরে ইডেন গার্ডেন্সে দেখা যাচ্ছে! সঙ্গী বড় ছেলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়!
শুটিংয়ের ফাঁকে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী। ছবি: সংগৃহীত।
সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই প্রকাশ্যে আসল ঘটনা। কলকাতা জুড়ে শুটিং চলছে সৌরভের জীবনীছবি ‘দাদা’র। শুটিংয়ে অংশ নিয়েছেন পর্দার ‘চণ্ডী গঙ্গোপাধ্যায়’ এবং ‘স্নেহাশিস গঙ্গোপাধ্যায়’। এই দুই চরিত্রে যথাক্রমে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় এবং রাহুল দেব বসুকে। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। একমাত্র উচ্চতা ছাড়া সৌরভের বাবার চরিত্রে ভালই মানিয়েছে শাশ্বতকে। ছবি বলছে, স্নেহাশিসের চরিত্রে রাহুলও সাবলীল। তাঁকে দেখা গিয়েছে সাদা ট্রাউজ়ার, ধূসররঙা শার্টে।
প্রত্যেকের কাজ নিজে দাঁড়িয়ে থেকে ক্যামেরাবন্দি করছেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী। শুটিংয়ের ফাঁকে খুনসুটি, গল্পেও মেতেছেন সকলে। সেই সমস্ত মুহূর্ত বন্দি ক্যামেরায়।
ইডেনে শুটিং চলছে। ছবি: সংগৃহীত।
কখনও মেঘ, কখনও ঝকঝকে আকাশ— এই আবহে শুটিং হয়েছে। শাশ্বত, রাহুল এর আগে মুম্বইয়ে একপ্রস্থ শুটিং শেষ করে এসেছেন। সেখানেও স্টুডিয়োতে সৌরভের বাড়ির আদলে সেট বানানো হয়েছে। শুটিং হয়েছে সেখানকার স্টেডিয়ামেও। রাজকুমার রাও বড়পর্দায় ‘সৌরভ’। মুম্বইয়ের পর তিনিও আপাতত কলকাতায়। শহরে প্রথম দিন তিনি শুটিং সারেন এরিয়ান ক্লাবের মাঠে। তাঁর শুটিংয়েরও প্রথম সাক্ষী আনন্দবাজার ডট কম।
বড়পর্দার ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ হিসাবে এ ভাবেই কি দেখা যাবে তান্যা মানিকতলাকে? ছবি: সংগৃহীত।
পর্দায় সৌরভের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তান্যা মানিকতলা। তাঁর সঙ্গে রাজকুমারের বেশ কিছু দৃশ্য শুট হয়েছে মুম্বইতে। ১৫ মে থেকে টানা ১০ দিন শুটিং করেছেন তাঁরা। কলকাতায় তান্যা আসবেন না? মুখে কুলুপ টিম ‘দাদা’র প্রত্যেক সদস্যের। তবে তাঁরও একটি ‘লুক’ সমাজমাধ্যমে ঘুরছে। ডোনা যেমন সাদা শাড়ি, সাদা রিমলেস চশমায় স্নিগ্ধ, তেমন সাজেই সেজেছেন তান্যা। টিমের অন্দরের দাবি, অনেকটা এ রকমই সাজানো হয়েছে তান্যাকে।