প্রত্যেক ছবির জন্য কত পারিশ্রমিক নেন টাইগার! ছবি: সংগৃহীত।
৩৬ বছর পূর্ণ করলেন টাইগার শ্রফ। ২০১৪ সাল থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন জ্যাকি শ্রফের পুত্র। ছবির নাম ছিল ‘হিরোপন্তি’। ১২ বছরে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। ‘অ্যাকশন হিরো’ তকমা পেয়েছেন তিনি। পাশাপাশি নাচের দক্ষতার জন্যও প্রশংসিত টাইগার। বেশ কয়েকটি সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সম্পত্তির পরিমাণও বেড়েছে।
টাইগারের মোট সম্পত্তির পরিমাণ ২৪৮ কোটি বলে শোনা যায়। ছবি প্রতি ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি কতটা দীর্ঘ তার উপর পারিশ্রমিকের পরিমাণ হেরফের করে বলেও খবর। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু সংস্থার হয়ে প্রচার করেন তিনি। খবর, সেখান থেকে ৩ কোটি টাকা করে পারিশ্রমিক পান তিনি।
মুম্বইয়ের খার এলাকায় তাঁর একটি বাড়ি ছিল। সেই বাড়ি গত বছর বিক্রি করেছেন টাইগার। শোনা যায় ১৫.৬ কোটি টাকায় এই বাড়ি বিক্রি করেছেন তিনি। সেই বাড়ির কাছাকাছিই আরও একটি নতুন ফ্ল্যাট কেনেন তিনি। সেই বিলাসবহুল ফ্ল্যাটে রয়েছে ৮টি ঘর। গাড়ির সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, জ্যাগুয়ারের মতো দামি গাড়ি।
একটি মার্শাল আর্ট সংস্থার সঙ্গেও যুক্ত টাইগার। সেই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি। ক্রীড়া সংক্রান্ত বেশ কয়েকটি দলেও নিয়মিত বিনিয়োগ করেন তিনি।
২০১৪ সালে পর্দায় কৃতি সেননের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন টাইগার। প্রশংসিত হয়েছিল তাঁদের রসায়ন। এর পরে ‘বাঘি’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পান তিনি। এই ছবিতে লড়াইয়ের দৃশ্যে তাক লাগিয়েছিলেন তিনি। টাইগারের ঝুলিতে রয়েছে ‘ওয়ার’ ও ‘এ ফ্লাইং জাট’-এর মতো ছবিও।