cockroach janta party protest

যন্তর মন্তরে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদ! ‘এ সবে আমাকে টানবেন না’, ক্ষোভপ্রকাশ দিলজিতের?

দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যরা। সম্প্রতি লাইভে আসেন দিলজিৎ দোসাঞ্জ। সেখানেই গায়ককে এই অনশন নিয়ে প্রশ্ন করা হয়। পাল্টা কী জবাব দিলেন গায়ক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৯:১৫
যন্তর মন্তরে প্রতিবাদ প্রসঙ্গে কী বললেন দিলজিৎ?

যন্তর মন্তরে প্রতিবাদ প্রসঙ্গে কী বললেন দিলজিৎ? ছবি: সংগৃহীত।

জুন মাসের শুরুর দিক থেকে নয়া দিল্লির যন্তর মন্তরে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান বিক্ষোভ। গত ৬ জুন থেকে এই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুকও। সম্প্রতি লাইভে আসেন দিলজিৎ দোসাঞ্জ। সেখানেই গায়ককে এই অনশন নিয়ে প্রশ্ন করা হয়। পাল্টা কী জবাব দিলেন গায়ক?

Advertisement

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বার বার কটাক্ষের মুখে পড়েছেন দিলজিৎ। তাঁর অনুষ্ঠানেও একাধিক সমস্যা তৈরি হয়েছে সাম্প্রতিককালে। এ বার গায়ককে দিল্লিতে চলতে থাকা প্রতিবাদ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ উত্তর, ‘‘যন্তর মন্তরে কিসের প্রতিবাদ চলছে? এ সব থেকে আমাকে দূরে রাখুন। দেখুন, আমি একজন শিল্পী। রাজনীতিক নই। এই পৃথিবীতে কোনও দিন সব ভাল হওয়া সম্ভব নয়। যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের শুভেচ্ছা, যাঁদের বিরুদ্ধে করছেন, তাঁদেরও শুভেচ্ছা।’’

যদিও অতীতে কৃষক আন্দোলন থেকে পঞ্জাবের বন্যা পরিস্থিতি— একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি। শুধু তা-ই নয়, পঞ্জাবের হিতার্থে অর্থদানও করেছেন তিনি। গত বছর তাঁর ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে তুমুল বিতর্ক হয়। ছবিতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। পহেলগাঁও কাণ্ডের পরে সেই ছবির উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিষয়টি নিয়ে তুমুল জলঘোলা হয়। পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় তাঁকে নিষিদ্ধ করার দাবিও ওঠে।

কিছু দিন আগে খবর ছড়ায়, রাজনীতিতে যোগ দিতে পারেন দিলজিৎ। তাঁকে নাকি পদ্মশিবিরে যোগ দেওয়ানোর জন্য জোর করা হচ্ছে, এমনও শোনা যায়। তবে তা হয়নি। আপাতত তাঁর অভিনীত, ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবি বক্সঅফিসে সাড়া ফেলেছে।

Advertisement
আরও পড়ুন