O Romeo

‘আমাদের শিরায় শিরায় হিংসা’, শাহিদের ছবিতে রক্তারক্তির প্রসঙ্গে ‘মহাভারত’ কেন টানলেন বিশাল ভরদ্বাজ?

বিশাল ভরদ্বাজ জানান, পর্দায় হিংসা প্রদর্শন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। এর পরেই তিনি ‘মহাভারত’-এর প্রসঙ্গ টানেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১
‘ও রোমিয়ো’ নিয়ে বললেন বিশাল ভরদ্বাজ।

‘ও রোমিয়ো’ নিয়ে বললেন বিশাল ভরদ্বাজ। ছবি: সংগৃহীত।

বিশাল ভরদ্বাজের ‘ও রোমিয়ো’ ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শকমহলে। তবে ছবির বিরুদ্ধে অতিরিক্ত হিংসা প্রদর্শনের অভিযোগ উঠছে। কিন্তু, ঠিক কতটা হিংসা পর্দায় দেখানো যায়? এই প্রশ্নে মুখ খুললেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। তাঁর মতে, “আমাদের রক্তেই হিংসা রয়েছে।” এ প্রসঙ্গে ‘মহাভারত’-এর উদাহরণ পর্যন্ত দিলেন তিনি!

Advertisement

বিশাল জানান, পর্দায় হিংসা প্রদর্শন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। এর পরেই তিনি ‘মহাভারত’-এর প্রসঙ্গ টানেন। তাঁর কথায়, “আমরা এমন একটা সভ্যতা যার উৎপত্তি ‘মহাভারত’ থেকে। ‘মহাভারত’-এ যে প্রকার হিংসা রয়েছে, তা কল্পনাতীত। তাই বলাই যায়, আমাদের শিরায় শিরায় হিংসা রয়েছে।”

আন্তর্জাতিক পরিচালক কোয়েন্টিন তারান্তিনো ও ওয়াং কার-ওয়াইয়ের কথাও বলেছেন বিশাল। এই দুই পরিচালকই তাঁদের ছবিতে হিংসা ফুটিয়ে তোলেন শিল্পের মাধ্যমে, জানান ‘ও রোমিয়ো’র পরিচালক।

পরিচালক জানান, তাঁর ছবিতে রক্তারক্তি থাকলেও তা দেখানো হয় কাব্যিক ভঙ্গিতে। তাঁর কথায়, “কাব্যের মতো হিংসা দেখানোর বিষয়টা অন্য রকম। আমার ছবিতেই এমন উদাহরণ রয়েছে যে, রক্ত হয়তো ছিটকে গিয়ে জলের মধ্যে পড়ে। আমার ছবি ‘ও রোমিয়ো’-তে গ্যাংস্টারদের কথা বলা হয়েছে। তাই হিংসা তো দেখাতেই হবে। ছবির ভাষাও এগিয়ে গিয়েছে, তাই সেই ভাষার সঙ্গে তাল না মেলালে, আপনাদেরই ভাল লাগবে না। তবে হিংসার দৃশ্য হলেও, তার মধ্যে শিল্পের ছাপ থাকতে হবে।”

সমাজের হিংসার কথা পর্দায় তুলে ধরলে, তা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় বলে জানান বিশাল। ‘ও রোমিয়ো’য় অভিনয় করে প্রশংসিত হয়েছেন শাহিদ কপূর। তৃপ্তি ডিমরী, নানা পটেকর, অবিনাশ তিওয়ারী, দিশা পটানী ও তমন্না ভাটিয়াও অভিনয় করেছেন এই ছবিতে।

Advertisement
আরও পড়ুন