দিলজিতের মুখে মৃত্যুর কথা! ছবি: সংগৃহীত।
দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে ধুন্ধুমার। শনিবার কানাডায় অনুষ্ঠান করছিলেন পঞ্জাবি শিল্পী। সেই সময়ে দর্শকাসন থেকে কয়েক জন খলিস্তানি পতাকা ওড়াতে থাকেন। তা দেখে মেজাজ হারান দিলজিৎ। এমনকি তাঁর মুখে উঠে আসে নিজের মৃত্যুর কথাও, যা শুনে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
তিন জন ব্যক্তিকে খলিস্তানি পতাকা ওড়াতে দেখে দিলজিৎ মঞ্চ থেকেই বলে ওঠেন, “যেখানে এই সব ব্যবহার করলে কাজে দেবে, সেখানে এইগুলো ব্যবহার করবেন।” ওই তিন ব্যক্তিকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয়। দিলজিৎ স্পষ্ট করে দেন, গানের অনুষ্ঠানে তিনি এ সব সহ্য করবেন না। এর পাশাপাশি পঞ্জাবি শিল্পী জানান, পঞ্জাবের সঙ্গে তিনি কী ভাবে বরাবর জড়িয়ে থেকেছেন। কৃষক আন্দোলন থেকে শুরু করে পঞ্জাবের বন্যা— সমস্ত ঘটনায় তিনি বরাবর সক্রিয় থেকেছেন বলেও জানান।
এই অনুষ্ঠানেই এক বিস্ফোরক মন্তব্য করেন দিলজিৎ দোসাঞ্জ। গত বছর ডিসেম্বরে কি আত্মঘাতী হওয়ার ভাবনা মাথায় এসেছিল পঞ্জাবি শিল্পীর? প্রশ্ন তুলছেন অনুরাগীরা। দিলজিৎ শনিবারের অনুষ্ঠানে বলেন, “আমি এই দুনিয়া ইতিমধ্যেই ছেড়ে দিয়েছি। মৃত্যুতে আমার কোনও ভয় নেই। গত ডিসেম্বরে, এই শরীর থেকেই মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এই দেহ থেকে মুক্তি নেওয়ার আগে এখনও আমার কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। কোনও কিছুতেই তাই আর ভয় নেই। পঞ্জাব নিয়ে বরাবরই কথা হয়েছে। আমি না থাকলেও পঞ্জাব নিয়ে কথা হবে। আমি এই পৃথিবী ত্যাগ করেছি, এটা সত্যি। মঞ্চে দাঁড়িয়ে আছি। এই মঞ্চই আমার কাছে ঈশ্বর।”
তাই নিজের মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অপ্রীতিকর কিছু মেনে নেবেন না। তবে মৃত্যু নিয়ে দিলজিতের মন্তব্য নিয়ে চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা।