সপ্তাহান্তে কোন কোন ছবি দেখতে পাবেন দর্শকেরা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভোটের উত্তাপ, সরকার বদল থেকে আইপিএলের মরসুম। বক্সঅফিসে গত সপ্তাহে তাই সে ভাবে কোনও বাংলা ছবি সাড়া ফেলতে পারেনি। চলতি সপ্তাহে দু’টি বাংলা ছবির মুক্তি পাচ্ছে। ‘ফেরা’ ও ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। একাধিক তারকা নিয়ে তৈরি দু’টি ছবি। এ ছাড়াও মুক্তি পেতে চেলেছে দু’টি হিন্দি ছবি।
ফুলপিসি ও এডওয়ার্ড:
প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে উইন্ডোজ় প্রযোজনার একটা ছবি থাকবে, এটাই দেখে আসছে দর্শক। গরমের ছুটিতে ছবি এলে বক্সঅফিসে সাফল্য মেলে, এও মনে করে এই প্রযোজনা সংস্থা। এ বার একেবারে রহস্য-রোমাঞ্চ গল্প নিয়ে এলেন চিত্রনাট্যকার জিনিয়া সেন। এই ছবিতে বাংলা ছবির দর্শকমনে হারিয়ে যেতে বসা কিছু তারকাকে দেখা যাবে। যেমন অনামিকা সাহা, অর্জুন চক্রবর্তী। একই সঙ্গে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলী। রয়েছেন রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো তারকারা। বাংলা সিনেমায় বার বার ফিরে এসে বাড়ির পিসিমা-মাসিমাদের গোয়েন্দা কাহিনি। দুপুরের পাঠ্য হিসাবে এই ধরনের গল্প মন কাড়ত বাঙালি দর্শকের। চিত্রনাট্যকার জিনিয়া সেন জানান, এই গল্পের খানিকটা অনুপ্রেরণা তাঁর শাশুড়িমা অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা। কারণ, এই বয়সেও তাঁর বিচক্ষণতা গোয়েন্দাদের সমান। তাই তিনি এই গল্প বাঙালি বাড়ির এক সময়ের সেই প্রবীণাদেরই উৎসর্গ করেছেন যাঁদের মধ্যে রহস্যের সমাধানের সহজাত গুণ ছিল।
ফেরা:
এই গল্প আসলে দৈনন্দিন যাপনের গল্প। এক কালের ফুটবল তারকা পান্নালাল এখন অবসরপ্রাপ্ত। তাঁর ছেলে পলাশ শহরে এক কর্পোরেট সংস্থায় সেল্স ম্যানেজার হিসাবে কর্মরত। চাকরি টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। দুই প্রান্তে দুই পুরুষের কাহিনি। ঘটনাচক্রে, এক ছাদের তলায় এসে পড়েন দু’জনে। এক নীরব সহাবস্থান। যেখানে কথা কম, অস্বস্তি বেশি। এমনই এক বাবা-ছেলের গল্পই আসতে চলেছে বড়পর্দায়। পরিচালক পৃথা চক্রবর্তীর এই ছবির প্রযোজনার দায়িত্বে নন্দী মুভিজ়-এর প্রদীপকুমার নন্দী। এই ছবির মাধ্যমে প্রথম বার বাংলা ছবিতে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার ও সোহিনী সরকারকে।
শ্রী নিম করোলি মহারাজ:
আধ্যাত্মিকতার খোঁজে মাঝেমধ্যেই বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমে ছুটে যান বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। নিম করোলি বাবাকে অনেকেই ‘চমৎকারি বাবা’ বলে থাকেন। তাঁর বিখ্যাত ভক্ত তালিকায় রয়েছেন স্টিভ জোবস, জুলিয়া রবার্টস ও মার্ক জুকেনবার্গের মতো ব্যক্তিত্বও। ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে নিম করোলি বাবা মারা যান। এ বার এই আধ্যাত্মিক গুরুর আত্মজীবনী নিয়ে ছবি বানিয়েছেন সারদসিংহ ঠাকুর।
দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো:
বয়সের ভার যেন বাড়ির প্রবীণদের যেন খানিকটা দলছুট করে দেয়। কিন্তু এই গল্প এক ঠাকুরদার, যিনি তাঁর নাতির চোখে ‘সুপারহিরো’ বা গল্পের নায়ক হয়ে ওঠে, যিনি ভিন্গ্রহের শত্রুদের থেকে পৃথিবীকে রক্ষা করেন। এমনিতে তিনি আর পাঁচটা ছাপোষা দাদুর মতোই। কিন্তু কী ভাবে তিনি ‘সুপারহিরো’ হয়ে ওঠেন, সেই গল্পই বলবে এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে প্রতীক বব্বর, ভাগ্যশ্রী, শরদ সাক্সেনার মতো অভিনেতাদের।