Pritam Chakraborty Post

জন্মদিনের পরেই বড় ঘোষণা প্রীতমের! পোস্টে কোন নতুন সফরের কথা জানালেন খ্যাতনামী সুরকার?

জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত প্রীতম পাল্টা কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করলেন। সেখানেই দিলেন বড় ইঙ্গিত! অনুরাগীদের একাংশের ধারণা, প্রীতমও এ বার অরিজিৎ সিংহের পথে হাঁটবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৫:২২
প্রীতম চক্রবর্তী।

প্রীতম চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

১৪ জুন ৫৫ বছরের জন্মদিন ছিল বলিউডের খ্যাতনামী সুরকার প্রীতম চক্রবর্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ককটেল ২’ ছবির অ্যালবাম। সেই ছবির ‘মাশুকা’ গান নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, গানের সুর চুরি করা হয়েছে। সেই অভিযোগ অবশ্য নস্যাৎ করে দিয়েছেন প্রীতম। এ বার জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত শিল্পী পাল্টা কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করলেন। সেখানেই দিলেন বড় ইঙ্গিত! অনুরাগীদের একাংশের ধারণা, প্রীতমও এ বার অরিজিৎ সিংহের পথে হাঁটবেন।

Advertisement

জন্মদিনে সারা দেশ থেকে বিভিন্ন মানুষের শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রীতম। তিনি জানান, সকলকে আলাদা করে কৃতজ্ঞতা জানাতে না পারলেও এমন ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। তবে এই জন্মদিনে নিজের জীবনটা ভাল করে বাঁচার সুযোগ উপহার দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গে প্রীতম লেখেন, ‘‘সকলের ভালবাসা পেয়ে আপ্লুত। জীবনে অনেক কিছু হারিয়েছি, তাই এই জন্মদিনে নিজেকে কিছু উপহার দিতে চাই। নতুন একটা সফর শুরু করার সময় এসেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম, এই সিদ্ধান্তটা নেব। মূলধারার রাস্তাটা খুবই ভাল। তবে অপ্রত্যাশিত অজানা রাস্তায় হাঁটতে সবসময় অন্যরকম লাগে।’’

এর পরেই প্রীতমকে নিয়ে গুঞ্জন শুরু। তা হলে তিনিও কি অরিজিতের মতো মূলধারার সিনেমার সঙ্গীত থেকে অবসর নিচ্ছেন? চলতি বছরের শুরুতেই অরিজিৎ সিনেমার সঙ্গীত থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। প্রীতম ও অরিজিতের দীর্ঘ দিনের সম্পর্ক। প্রীতমের সঙ্গে বেশ কয়েক বছর কাজ করেছেন অরিজিৎ। তাঁর সুরেই প্রথম বার বলিউডে গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ। প্রথম গানেই হিট। এই সুরকার-গায়ক জুটি জোট বেঁধে প্রচুর হিট উপহার দিয়েছেন দর্শককে।

অরিজিতের অবসর নেওয়ার সিদ্ধান্তে অনেকই প্রশ্ন তোলেন অরিজিৎ-প্রীতম জুটির ভবিষ্যৎ নিয়ে। যদিও মাসকয়েক আগে অরিজিতের অবসর নেওয়ার প্রসঙ্গে প্রীতম জানান, তিনি নিজেও গত এক বছর ধরে অবসর নেওয়ার কথা ভাবছিলেন। মজার ছলে তিনি নাকি অরিজিৎকে এক দিন বলেছিলেন, অবসর নিলে দু’জনে একসঙ্গে জিয়াগঞ্জ ও তারাপীঠে যাবেন। সেই কথার পরেই অরিজিৎ হঠাৎ ‘প্লেব্যাক’ গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। স্বাভাবিক ভাবেই প্রীতমের পোস্টে তাই তাঁরও অবসর নেওয়ার জল্পনা জোরালো হয়েছে। তবে স্পষ্ট করে অবসরের কথা ঘোষণা করেননি সঙ্গীত পরিচালক।

বলিউডে প্রায় দুই দশক ধরে কাজ করেছেন তিনি। তাঁর সুর যেমন আলোচিত, তেমন তিনি সমালোচিতও। বার বার সুর চুরির অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। তবু সুরকার কখনও নেতিবাচক কথায় কান দেননি। বরং নিজের সঙ্গীতচর্চাকেই গুরুত্ব দিয়েছেন বরাবর।

Advertisement
আরও পড়ুন