ছবি: এক্স থেকে নেওয়া।
সাপের নাম শুনলে যেখানে বড় বড় সাহসী মানুষেরও বুক কেঁপে ওঠে, সেখানে পাঁচ ফুট লম্বা গোখরোকে খালি হাতে উদ্ধার করলেন এক তরুণী। সাপটিকে নিয়ে এমন ভাবে কেরামতি দেখালেন যেন সেটি একটি সাধারণ দড়ি। তেমনই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নির্ভীক ওই তরুণীর কাণ্ড দেখে চোখ ছানাবড়া হয়েছে নেটাগরিকদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় দাবি, একটি বিশাল সাপ উদ্ধার করছেন এক তরুণী। সাপটির আকার দেখে মনে হচ্ছে এটি একটি গোখরা। তবুও ওই তরুণী কোনও আতঙ্ক না ছড়িয়ে নিরাপদে সেটিকে সামলাচ্ছেন। যেখানে সাধারণ মানুষ সাপ দেখলেই পালিয়ে যান, সেখানে ওই তরুণী সাপটিকে দড়ির মতো করে ধরে রয়েছেন। এক পর্যায়ে সাপটিকে শরীরের সঙ্গে জড়িয়ে থাকতেও দেখা যায় তাঁকে। এর পর তিনি সফল ভাবে সাপটিকে একটি পাত্রের মধ্যে পুরে ফেলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োই দাবি, তরুণী যে সাপটিকে উদ্ধার করেন তা একটি পাঁচ ফুট লম্বা গোখরো ছিল।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পূজা ধাকড়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সাপটিকে ধরা থেকে ওই পাত্রে নিরাপদে রাখা পর্যন্ত তরুণীর মুখে ভয়ের লেশমাত্র ছিল না, যা দর্শকদের অবাক করেছে এবং ভিডিয়োটি দেখে অনেকেই তাঁর সাহসিকতারও প্রশংসা করছেন। যদিও নেটাগরিকদের অনেকে দাবি করেছেন, সাপটি মোটেও কোনও বিষাক্ত সাপ নয়। আর সে কারণেই তাঁকে এতটা নির্ভয় দেখাচ্ছিল। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটি বিষাক্ত সাপ নয়, তা না হলে তরুণী এত ক্ষণে হাসপাতালে বা ঈশ্বরের কাছে চলে যেতেন।’’ আর এক জন মন্তব্য করেছেন, ‘‘বিষাক্ত হোক বা না হোক, তরুণী সাপ ধরতে জানেন। তাই এত সহজে সাপটিকে উদ্ধার করছেন তিনি।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘অবিশ্বাস্য! মানতেই হবে তরুণীর বিন্দুমাত্র ভয় নেই। তবে মনে হচ্ছে সাপটি একটি র্যাট স্নেক। এর দৈর্ঘ্যের কারণে এটিকে দেখতে ভয়ের হলেও এরা বিষাক্ত নয়। এমনকি এটি কামড়ালেও তা প্রাণঘাতী নয়।’’