ছবি: এক্স থেকে নেওয়া।
বিদেশে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক যেন থামছেই না। ভিয়েতনামের বিমানবন্দরের রানওয়েতে একদল ভারতীয়ের নাচ কিংবা রেস্তরাঁ ও পর্যটনকেন্দ্রে ‘গরবা’ নাচের ভিডিয়ো নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই, এ বার এক বিদেশি শহরের ব্যস্ত রাত্রিকালীন বাজারে এক ভারতীয় তরুণীর নাচের ভিডিয়ো নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র জনপ্রিয় গান ‘মেরে খোয়াবোঁ মে’-র তালে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে নাচছেন ওই তরুণী। আর নাচার সময় তাঁর পরনে রয়েছে কেবল একটি সাদা তোয়ালে। নাচের অংশ হিসাবেই বার বার তোয়ালেটি সামলাচ্ছিলেন এবং নাড়াচাড়া করছিলেন ওই তরুণী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদেশের রাস্তায় একটি রাত্রিকালীন বাজারে অন্তর্বাস এবং তোয়ালে পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। আশপাশে পর্যটকদের ভিড়। এমন সময় হঠাৎ করেই হিন্দি গানে উদ্ভট ভাবে নাচতে শুরু করেন ওই তরুণী। এক বার তোয়ালে সরিয়েও নাচতে দেখা যায় তাঁকে। ভিড়ের নজর তাঁর দিকে যায়। পথচারীদের কেউ কেউ দাঁড়িয়ে তাঁর নাচ দেখছিলেন আবার কেউ কেউ পাশ কাটিয়ে চলে যান। তাঁকে ক্যামেরাবন্দি করারও হিড়িক পড়ে। যদিও সে সব দিকে না তাকিয়ে রিল বানাতেই ব্যস্ত ছিলেন তরুণী।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ড্যাম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ওই তরুণীর কাণ্ডের সমালোচনা করে নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের মতে, পর্যটনস্থলে এমন আচরণ পর্যটকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে এবং নাগরিক দায়িত্ববোধের অভাব প্রকাশ করে। কেউ কেউ এ-ও মন্তব্য করেছেন যে, এ ধরনের ঘটনা বিদেশে ভারতীয় পর্যটকদের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিন্দনীয়। দয়া করে বিদেশিদের সামনে আমাদের দেশের মানুষকে ছোট করবেন না। বিশ্ব জুড়ে ভারতীয়দের সুনাম এবং ভাবমূর্তি কিছু মানুষের জন্য এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, দয়া করে তা আর নষ্ট করবেন না। গুটি কয়েক নির্বোধের কর্মকাণ্ডের কারণে পুরো দেশকেই একই দৃষ্টিতে দেখা হয়।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, তথাকথিত শিক্ষিত মানুষদের মধ্যেই নাগরিক বোধের চরম অভাব রয়েছে।” তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘এ সব কী হচ্ছে! কেবল কিছু ‘লাইক’-এর জন্য এ রকম কাজ? সরকারের উচিত অবিলম্বে তাদের ফেরার ভিসা বাতিল করা এবং নাগরিকত্ব কেড়ে নেওয়া।’’ তবে এর পাশাপাশি একদল মানুষ ওই তরুণীর সমর্থনেও কথা বলেছেন। এক জন বলেন, “বিষয়টি খুব একটা বড় নয়। এটি হয়তো কোনও প্রচার কৌশল বা মনোযোগ আকর্ষণের চেষ্টা হতে পারে। কেউ যদি বেআইনি কিছু না করেন, তা হলে আমরা তাঁকে দোষারোপ করতে পারি না।”