নিমেষেই ঘামে ভেজা চুল করে ফেলুন ফুরফুরে, তাও আবার শ্যাম্পু না করেই। ছবি: সংগৃহীত।
মাঝেমধ্যে বৃষ্টি পড়লেও গরম থেকে স্বস্তি নেই। রাস্তায় বেরোলেই চড়া রোদ। গরমে মাথায় ঘাম জমে চুলের আরও বেহাল দশা হচ্ছে। অফিসের তাড়াহুড়োতে সকালে স্নানটি সেরে ভিজে চুল কোনও রকমে ক্লিপ দিয়ে আটকে বা খোঁপা করেই বেরিয়ে পড়েন অনেকে। তার পর সারাদিন সেভাবেই দলা পাকিয়ে ভেজা চুল শুকোয়। এতে আরও বেশি জট পড়ে চুলে। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয়। খুশকির সমস্যা বাড়ে। মাথার ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে। গরমের সময়ে চুল ভেজা থাকলে চুল থেকে গন্ধ বেরোয়। গরমের সময়ে বন্ধুর সঙ্গে ডেট হোক বা বিয়েবাড়ির নিমন্ত্রণ, কোথাও যাওয়ার আগে চুল নিয়ে কায়দা করতে গেলেও বেশ বিপাকে পরতে হয়। ভিজে, স্যাঁতসেঁতে চুলে কোনও বাঁধনই যেন মানায় না, আবার সেই চুল খুলে রাখলেও দেখতে ভাল লাগে না। তা হলে উপায়?
১) ভেজা কিংবা তেলতেলে চুলে ব্যবহার করতে পারেন ড্রাই শ্যাম্পু। চুলের গোড়ায় এই শ্যাম্পু স্প্রে করে একটু ভাল ভাবে মালিশ করে নিতে হবে। শেষমেশ চিরুনি দিয়ে আঁচড়ে নিলেই চুলের তেলতেলে ভাব দূর হয়ে যায়, সঙ্গে চুলের ভেজাভাবও কমে। এর পর চাইলে খোঁপা বাঁধুন কিংবা চুল খোলা রাখুন, যে কোনও হেয়ার স্টাইল করাই খুব সহজ হয়ে যাবে।
২) এ ক্ষেত্রে ব্লোটিং শিট বা টিস্যু দিয়েও মুশকিল আসান করা যায়। একটি ব্লোটিং শিট বা টিস্যু নিয়ে মাথার ত্বকে খুব ভাল করে মুছে নিতে হবে। প্রয়োজনে একের বেশি পেপার ব্যবহার করুন। এই টোটকায় মাথায় কোনও প্রসাধনী ব্যবহার ছাড়াই চটজলদি সমাধান পাওয়া সম্ভব। তবে এই সমাধান কিন্তু সাময়িক।
৩) ইচ্ছে থাকলে উপায় হয়। ঘামে ভেজা চুল থাকলেও কিছু হেয়ারস্টাইল করে ফেলতে পারেন। এ ক্ষেত্রে উঁচু করে পনিটেল, স্লিক্ড ব্যাক বান, ডাব্ল ব্রেইডের মতো বাঁধন করলে স্টাইলও হবে, আর ঘামে ভেজা চুলের কারণে মুশকিলেও পড়তে হবে না।
৪) ঘামে ভেজা চুল ঢাকতে স্টাইল করলে পারেন স্কার্ফ নিয়ে। এ ক্ষেত্রে একটি সিল্কের বা সুতির স্কার্ফ নিয়ে নানা কায়দা করা যেতে পারে। চুল ঢাকা থাকলে ভেজা চুলের সমস্যা আর কারও চোখেই পড়বে না।
৫) ঘামে ভেজা চুলে বেশ দুর্গন্ধ বার হয় অনেক সময়ই। সে ক্ষেত্রে হেয়ার ড্রায়ার দিয়ে চুল খানিকটা শুকিয়ে নিয়ে তার পর সুগন্ধি হেয়ার স্প্রে চুলে ব্যবহার করুন। চুল বেশ ফুরফুরে দেখাবে।