Updates Of Didi No 1

ফের ‘দিদি নং ১’-এর শুটে শ্বেতা! সঙ্গী রুবেল, দম্পতিই নাকি সামলাবেন শো? রচনা ‘ছুটি’তে?

খবর, ব্যক্তিগত কারণে ‘ছুটি’তে রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর জায়গায় ফের শ্বেতা। এ বার সঙ্গী তাঁর অভিনেতা স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৬:১১
শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস কি রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়?

শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস কি রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়? ছবি: ফেসবুক।

ছাব্বিশের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পালাবদল। টলিউডেও তার ছায়া। খবর, ইন্ডাস্ট্রির অন্দরেও নাকি বদল হচ্ছে সংগঠনের শীর্ষস্থানীয়দের। সেই বদল কি এ বার জ়ি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’-এও?

Advertisement

খবর, ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায়কে নাকি আর না-ও দেখা যেতে পারে রিয়্যালিটি শো-তে। এই শো-এর তুমুল জনপ্রিয়তা তাঁর হাত ধরেই। সঞ্চালনার পাশাপাশি পরে তিনি রাজনীতিতে আসেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল পরাজিত। তাঁকেও কি সরে যেতে হতে পারে? তাঁর জায়গায় আবার ফিরিয়ে আনা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। প্রসঙ্গত, এর আগেও নির্বাচনী প্রচারের কারণে রচনার ‘সংসার’ সামলেছেন তিনি। তখন তাঁর সঙ্গে ছিলেন বিশ্বনাথ বসু। এ বার শ্বেতার সঙ্গী তাঁর অভিনেতা স্বামী রুবেল দাস। শনিবার থেকে দেখানো শুরু হয়েছে শ্বেতা-রুবেলের সঞ্চালনা পর্ব।

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল রচনার সঙ্গে। একাধিক বার ফোন করলেও তিনি অধরা। বদলে কথা বলেছেন রুবেল। তিনি বলেছেন, “রচনাদি থাকবেন না, এটা হতে পারে না। কারণ, দিদির হাত ধরেই এই শো-এর জনপ্রিয়তা।” আসল ঘটনা, তিনি দিন তিনেকের ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণে। সেই জায়গায় শ্বেতা-রুবেল। অভিনেতাদম্পতি তিন দিনের পর্বের জন্য ন’দিনের শুটিং করেছেন। যদিও চ্যানেলের তরফে জানানো হয়েছে, রবিবার ‘দিদি’ আবার আগের মতো শুটিং করছেন রাজারহাটের ডিআরআর স্টুডিয়োয়।

এ দিকে টেলিপাড়ায় ফিসফাস, এ ভাবেই কি ধীরেধীরে পালাবদল ঘটতে চলেছে ‘দিদি নং ১’-এ? শ্বেতা এর আগেও সঞ্চালনা করেছেন। দর্শকের প্রতিক্রিয়া কী ছিল?

এ প্রসঙ্গে রুবেল বলেছেন, “দর্শক শ্বেতাকে পছন্দ করেছেন। ওর সঙ্গে বিশ্বনাথদা ছিলেন। আমি ‘প্রতিযোগী’ হয়ে এসেছিলাম। এ বার শ্বেতা আর আমাকে সঞ্চালক হিসাবে পর্দায় দেখছেন। সবাই বলছেন, আমাদের ভাল লাগছে।” তবে রুবেল পাকাপাকি সঞ্চালনা করবেন না, সে কথা জানিয়েছেন। ইতিমধ্যেই কিছু ধারাবাহিক এবং সিরিজ়ে অভিনয়ের কথা চলছে তাঁর। সেগুলো চূড়ান্ত হয়ে গেলে তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন।

Advertisement
আরও পড়ুন