Book on Anurag Kashyap

‘বলেছিলেন, আমার মাথা ঠুকে দেবেন’, অনুরাগের কোন ঘটনার কথা প্রকাশ্যে আনলেন কর্ণের বন্ধু?

সম্প্রতি অনুরাগ কাশ্যপের জীবন ও কর্মযাত্রা নিয়ে একটি নতুন বই প্রকাশের কথা ঘোষণা করা হয়েছে। প্রকাশনা সংস্থার দাবি, বইটি শুধু অনুরাগের ব্যক্তিগত ও পেশাগত জীবনের দলিলই নয়, ভারতীয় সিনেমার গত দুই দশকের এক গুরুত্বপূর্ণ আখ্যান হয়ে উঠবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৫:৩৭
অনুরাগের কোন ঘটনা প্রকাশ্যে আনলেন কর্ণের বন্ধু?

অনুরাগের কোন ঘটনা প্রকাশ্যে আনলেন কর্ণের বন্ধু? ছবি: সংগৃহীত।

অনুরাগ কাশ্যপের নামের সঙ্গে যেন বিতর্ক, স্পষ্ট কথা এবং আপসহীন ব্যক্তিত্ব ওতপ্রোত ভাবে জড়িত। তাঁর জীবন ও কর্মজীবনকে নিয়ে এ বার প্রকাশিত হতে চলেছে একটি বিশেষ বই। কিন্তু বইটি প্রকাশের আগেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন তারকা প্রযোজক-পরিচালক কর্ণ জোহরের ঘনিষ্ঠ বন্ধু সোমেন মিশ্র।

Advertisement

সম্প্রতি পরিচালকের জীবন ও কর্মযাত্রা নিয়ে একটি নতুন বই প্রকাশের কথা ঘোষণা করা হয়েছে। প্রকাশনা সংস্থার দাবি, বইটি শুধু অনুরাগের ব্যক্তিগত ও পেশাগত জীবনের দলিলই নয়, ভারতীয় সিনেমার গত দুই দশকের এক গুরুত্বপূর্ণ আখ্যান হয়ে উঠবে।

এই ঘোষণার পরেই সমাজমাধ্যম মজার ছলে প্রতিক্রিয়া জানান সোমেন। তিনি লেখেন, “বইটায় যদি সেই অধ্যায় না থাকে, যেখানে অনুরাগ আমার বাড়িতে এসে দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার হুমকি দিয়েছিল, তা হলে বইটা পড়ার কোনও মানেই নেই!”

সোমেনের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়েছে চারিদিকে। নেটাগরিকদের কৌতূহল তুঙ্গে ওঠে। কেউ জানতে চান, “কেন এমন বলেছিলেন অনুরাগ?” আবার কেউ লেখেন, “এই গল্পটা বিস্তারিত বলুন!” যদিও সোমেন পরে আর বিষয়টি নিয়ে কোনও ব্যাখ্যা দেননি। ফলে ঘটনাটি আদৌ খুব গুরুগম্ভীর ছিল, না কি দুই চলচ্চিত্রকর্মীর ব্যক্তিগত রসিকতার অংশ— তা স্পষ্ট নয়।

তবে বলিউডের অন্দরের সঙ্গে পরিচিত অনেকেরই মতে, অনুরাগের ব্যক্তিত্বের সঙ্গে এমন মন্তব্য খুব একটা বেমানান নয়। তিনি বহুবার সাক্ষাৎকারে নিজের রাগ, হতাশা এবং আবেগপ্রবণ স্বভাবের কথা অকপটে স্বীকার করেছেন। আবার একই সঙ্গে ঘনিষ্ঠ মহলে তাঁর রসবোধও সুপরিচিত।

অন্য দিকে, সোমেনও বলিউডে পরিচিত নাম। দীর্ঘদিন ধরে কর্ণের ‘ধর্ম’ প্রযোজনা সংস্থা এবং ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে ওই সংস্থার ‘ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান হিসাবে কাজ করছেন তিনি। ‘শেরশাহ’, ‘রাজ়ি’, ‘গুড নিউজ়’, ‘ধড়ক ২’ এবং ‘হোমবাউন্ড’-এর মতো একাধিক আলোচিত প্রকল্পের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

অনুরাগের সাম্প্রতিক পরিচালিত ছবি ‘বান্দর’ সমালোচকদের প্রশংসা পেলেও বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। ববি দেওল অভিনীত ছবিটি বিশ্ব জুড়ে ৪.৯২ কোটি টাকার ব্যবসা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছবির সীমিত প্রদর্শনী নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুরাগ। তাঁর অভিযোগ ছিল, হলিউডি ছবি ‘অবসেশন’-এর বিপুল চাহিদার কারণে পর্যাপ্ত প্রেক্ষাগৃহই পায়নি ‘বান্দর’।

ফলে নতুন বইটি প্রকাশের আগেই অনুরাগকে ঘিরে কৌতূহল আরও বেড়ে গিয়েছে অনুরাগীমহলে। বইটিতে তাঁর চলচ্চিত্র-ভাবনা, ব্যক্তিগত লড়াই, বিতর্কিত মুহূর্তের পাশাপাশি এমন কিছু অজানা গল্পও উঠে আসতে পারে, যার ইঙ্গিত হয়তো ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন সোমেন ।

Advertisement
আরও পড়ুন