নাইজ়ারে তৎপর সেনা। ছবি: সংগৃহীত।
সন্ত্রাসবাদী হামলার শিকার হল পশ্চিম আফ্রিকার দেশ নাইজ়ারের রাজধানী নিয়ামের দিয়োরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার রাতের এই হামলার ঘটনার ২২ জন সন্ত্রাসবাদী-সহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
আল-কায়েদা ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী গোষ্ঠী জামায়াত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) শুক্রবার হামলার দায় স্বীকার করেছে। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার হামলা চালাল কট্টর সুন্নি ইসলামপন্থী ওই সন্ত্রাসবাদী গোষ্ঠী। বিবিসিতে প্রকাশিত খবরে দাবি, স্বয়ংক্রিয় অস্ত্রধারী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ১১ জন নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন। নিহত অন্য দু’জন অসামরিক নাগরিক।
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে এই হামলার নেপথ্যে সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতি অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। ২০২৩ সালের জুলাই মাসে সে দেশের সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করেছিল নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ বাজ়ৌমকে। ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি। তার পর থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে কার্যত গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আল কায়দা এবং তাদের ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি পরিস্থিতির সুযোগ নিয়ে তৎপরতা বাড়িয়েছে নাইজ়ারে।