BCCI

কবে মাঠে ফিরবেন কোহলি? আগামী বিশ্বকাপের পরিকল্পনায় আছেন রো-কো? অবশেষে মুখ খুললেন বোর্ড সচিব শইকীয়া

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল নির্বাচন হলেও তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করেননি অজিত আগরকরেরা। আফগানিস্তান সিরিজ় শেষ হলে দল নির্বাচন হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৮:০৮
picture of cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএলের সময় পাওয়া চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে পারছেন না বিরাট কোহলি। কবে মাঠে ফিরতে পারবেন তিনি? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি এবং রোহিত শর্মা আছেন কিনা, তা-ও জানতে চান তাঁরা। দুই প্রশ্নেরই উত্তর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে পারবেন কোহলি। তিনি এখন সপরিবার লন্ডনেই রয়েছেন। সেখানে রিহ্যাব করছেন। কয়েক দিন পর তাঁর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) আসার কথা সেখানে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘কোহলি রিহ্যাব শুরু করেছে। চোট সেরে গিয়েছে প্রায়। আশা করা হচ্ছে, ফিটনেসের ছাড়পত্র নিতে কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুর সিওইতে যাবে। সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে কোহলি।’’

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল নির্বাচন হলেও তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করেননি অজিত আগরকরেরা। আফগানিস্তান সিরিজ় শেষ হলে দল নির্বাচন হতে পারে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘‘আগামী তিন-চার দিনের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল নির্বাচন হতে পারে।’’ সূত্রের খবর আগামী রবিবার বা সোমবার বৈঠকে বসতে পারেন আগরকরেরা।

কোহলি এবং রোহিতকে নিয়ে এই মুহূর্তে সমস্যা না থাকলেও বিশ্বকাপ খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে নারাজ বোর্ড সচিব। অনেক কিছুর উপর নির্ভর করে এই ধরনের সিদ্ধান্ত। এ নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে শইকীয়া বলেছেন, ‘‘বোর্ডের প্রধান হিসাবে বলতে পারি, আমাদের একটি অত্যন্ত সুসংহত এবং বিশেষজ্ঞ দল রয়েছে। এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট কমিটি, নির্বাচক কমিটি, দলের কোচ, অন্য সাপোর্ট স্টাফ, সংশ্লিষ্ট খেলোয়াড়— সকলে যুক্ত থাকে। নিয়মিত আলোচনা, বিশ্লেষণ চলে।’’

শইকীয়া বুঝিয়ে দিয়েছেন, কোহলি-রোহিতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কারণ এখনও প্রচুর সময় রয়েছে। বোর্ড সচিব বলেছেন, ‘‘আমাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এ জন্য বিশেষ বৈঠক ডাকার প্রয়োজন হয় না। তা ছাড়া সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে সবটা প্রকাশ করা ঠিক নয়। এগুলো কৌশলের অংশ। আর এ সব নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এক্তিয়ারও নেই আমার। এগুলো বোর্ডের ভিতরে থাকাই ভাল।’’

Advertisement
আরও পড়ুন