ছবি: সংগৃহীত।
অসমে চলছে বিধানসভা নির্বাচন। একটা সময়ে দিসপুর কেন্দ্রে স্বামী জ়ুবিন গার্গের সঙ্গে ভোট দিতে আসতেন গরিমা শইকীয়া। কিন্তু, এ বার তিনি একা। দিনকয়েক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় গরিমাকে। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে জ়ুবিনের জন্য বিচার চাইলেন গরিমা।
ভোটকেন্দ্র থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি গরিমা। তিনি বলেন, ‘‘আমি গতকালই (বুধবার) হাসপাতাল থেকে ফিরেছি। আগে আমি জ়ুবিনের সঙ্গে ভোট দিতে আসতাম। আসলে ভোট দেওয়া প্রত্যেকের দায়িত্ব। ভোট দেওয়া আমাদের কর্তব্য। আমি শারীরিক ভাবে অসুস্থ, তবুও আমি ভোট দিতে এসেছি।” জ়ুবিনের জন্য ন্যায়বিচারের প্রসঙ্গে ফের সরব হন গরিমা। তিনি বলেন, ‘‘বিচার আমাদের দরকার। আমরা এর জন্য লড়াই করছি। আমি আশা করি, ফলাফল এবং ন্যায়বিচার পাব।’’
১৯ সেপ্টেম্বরে মৃত্যু হয়েছিল জ়ুবিন গার্গের। এখনও সেই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এর মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে জ়ুবিনের স্ত্রী গরিমা গায়কের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে বার বার সরব হয়েছেন। যদিও সম্প্রতি সিঙ্গাপুর সরকার জানিয়েছে, জ়ুবিনের মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব নেই, জলে ডুবেই মৃত্যু হয়েছে গায়কের। গায়কের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছেন অসমের বিদায়ী মুখ্যামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও।