প্রেম দিবসে কোথায় গিয়েছিলেন মলাইকা? ছবি: সংগৃহীত।
মলাইকা অরোরার জীবনে এসেছে নতুন পুরুষ? এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অনুরাগীরা। যদিও তাঁর প্রেমজীবন নিয়ে প্রশ্ন করলেই নানা অছিলায় প্রসঙ্গ এড়িয়ে যান মলাইকা। কিন্তু এ বার প্রেম দিবসে ফের সেই রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে।
সমাজমাধ্যমে মলাইকার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। নেটিজেনদের একাংশের দাবি, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে নতুন প্রেমিকের সঙ্গেই রোমে সময় কাটিয়েছেন মলাইকা। সেখানে মলাইকার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে নিজস্বী তুলতে দেখা যায় সেই পুরুষ বন্ধুকে। সেই পুরুষটি নাকি হর্ষ মেহতা। ৩৩ বছর বয়সি এই যুবকের নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে। এও শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মলাইকা ও হর্ষ।
২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু হর্ষকে প্রকাশ্যে দেখে অনেকেই মনে করছেন, সূক্ষ্ম ভাবে সম্পর্কে সিলমোহর দিলেন মলাইকা। গত বছর থেকেই নাকি হর্ষের সঙ্গে আলাপ তাঁর। তবে সম্পর্ক গত কয়েক মাসের। তবে এই নিয়ে এখনও মুখে কুলুপ মলাইকার। অভিনেত্রী তথা মডেল হর্ষ মেহতা নামে এখনও কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। তাই হর্ষকে নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। যদিও নিজের প্রেম জীবন সম্পর্কে মলাইকা বলেন, ‘‘ আমি যার সঙ্গে বেরোই না কেন তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।’’