প্রীতমের সঙ্গে কোথায় যেতে চেয়েছিলেন অরিজিৎ? ছবি: সংগৃহীত।
চলতি বছরের শুরুতেই বড় ঘোষণা করেন অরিজিৎ সিংহ। জানিয়ে দেন, তিনি আর প্লেব্যাক গাইবেন না। অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে বিস্তর জল্পনা চলে। অবশেষে গায়কের এই সিদ্ধান্তের কারণ জানালেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। তাঁর সঙ্গে একাধিক কাজ করেছেন অরিজিৎ।
প্রীতম সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছেন, কেন অরিজিৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ দিনের কাজের চাপ এবং মানসিক ক্লান্তিই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ। এমনই দাবি প্রীতমের।
এক সাক্ষাৎকারে প্রীতম জানান, পর পর বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার প্রস্তাব আসছিল তাঁর কাছে। হাঁপিয়ে উঠছিলেন অরিজিৎ, জানান প্রীতম। তাই একসময় অরিজিৎ নাকি বলেছিলেন, “আমি আর গান গাইতেই চাই না।”
কিন্তু অরিজিতের সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই বলেও জানান প্রীতম। প্রত্যেক শিল্পীরই কখনও না কখনও কাজের চাপ থেকে একটু বিরতি নেওয়ার প্রয়োজন হয়। প্রীতম বলেন, “অরিজিতের এই সিদ্ধান্তকে অবসর হিসাবে দেখা ঠিক নয়। অরিজিৎ কিছুটা সময় নিজের মতো থাকতে চান এবং নিজের পছন্দের কাজ করতে চান।” বর্তমানে অরিজিৎ নিজের চলচ্চিত্র নির্মাণের কাজেও মন দিতে চান বলে জানিয়েছেন সঙ্গীত পরিচালক।
প্রীতম আরও জানান, তিনি নিজেও গত এক বছর ধরে অবসর নেওয়ার কথা ভাবছিলেন। মজার ছলে তিনি অরিজিৎকে এক দিন বলেছিলেন, অবসর নিলে দু’জনে একসঙ্গে জিয়াগঞ্জ ও তারাপীঠে যাবেন। সেই কথার পরেই অরিজিৎ হঠাৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অরিজিৎ জানিয়েছিলেন যে তিনি আর নতুন প্লেব্যাক গানের কাজ নেবেন না। তবে আগে থেকে নেওয়া প্রতিশ্রুতিগুলি তিনি পূরণ করবেন। ফলে আগামী কয়েক বছরেও তাঁর নতুন গান শ্রোতারা শুনতে পাবেন।