নিশীথ প্রামাণিক। ছবি: পিটিআই।
মেসিকাণ্ডের ক্ষত এখনও টাটকা ক্রীড়াপ্রেমীদের মনে। এই ঘটনায় সরাসরি আঙুল উঠেছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে। পালাবদলের পর পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক জানিয়ে দিলেন, সেই ঘটনার তদন্ত হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, লুকিয়ে থাকা প্রতিভাদের তুলে আনবে নবনির্বাচিত বিজেপি সরকার।
দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন নিশীথ। সেখানেই উঠে আসে মেসিকাণ্ড। জবাবে নিশীথ বলেন, “যা হয়েছে, তা খুবই নিন্দার। মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছি। খতিয়ে দেখতে হবে। তার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলব। যদি কোনও দুর্নীতি থাকে, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।”
গত বছর ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে মেসিকে দেখতে গিয়ে হতাশ হন দর্শকেরা। বাইরে থেকে প্রচুর মানুষ মাঠে ঢুকে পড়ায় মেসিকে ঠিক ভাবে দেখা যায়নি। ফলে বিশৃঙ্খলা হয়। মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ভাঙচুর চালান দর্শকেরা। সেই ঘটনায় গ্রেফতার করা হয় প্রধান আয়োজক শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর থেকে অরূপের বিরুদ্ধে মুখ খুলেছেন শতদ্রু। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, আগামী দিনে আবার মেসিকে আনতে চান তিনি। আনতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও।
কিন্তু গত বছর যাঁরা দামি টিকিট কেটে মেসিকে দেখতে গিয়ে হতাশ হয়েছিলেন, তাঁরা কি আদৌ টিকিটের টাকা ফেরত পাবেন? সেই ঘটনার পর পুলিশকর্তারা আশ্বাস দিয়েছিলেন, টাকা ফেরত দেওয়া হবে। এই প্রসঙ্গে নিশীথ বলেন, “এখন সেই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আমাদের আলোচনা করতে হবে। তার পরেই কিছু বলতে পারব।” তবে মেসিকে না দেখার যে দুঃখ তা পূরণ করার চেষ্টা তাঁর সরকার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, “আগামী দিনে আমরা এমন ম্যাচের আয়োজন করব যে, মেসিকে দেখতে না পাওয়ার দুঃখ সকলে ভুলে যাবেন।”
তৃণমূল সরকারের আমলে রাজ্যের ক্রীড়াব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ নিশীথের। সেই কারণেই ক্রীড়াবিদেরা অন্য রাজ্যে চলে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। নিশীথ বলেন, “তৃণমূল আমলে শুধু স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকার কত বার বলেছে, সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) থেকে ভাল কোচ পাঠানো হবে। প্রযুক্তি ও অনুশীলনের সুবিধা দেওয়া হবে। কিন্তু রাজ্য তাতে কান দেয়নি। তাই ক্রীড়াবিদদের বাধ্য হয়ে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে।” সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্বপ্না বর্মণ। দেশের হয়ে হেপ্টাথলন খেলা সেই স্বপ্নার উদাহরণ টেনেছেন নিশীথ। তিনি বলেন, “স্বপ্না বর্মণের কথা তো আপনারা জানেন। ওঁকেও মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছিল। ওঁকেও কোনও সুবিধা দেয়নি তৃণমূল সরকার।”
সেই সমস্যা মেটাতে বিজেপি সরকার কী করবে, তার রূপরেখাও জানিয়েছেন নিশীথ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য থাকবে ক্রীড়াক্ষেত্রে উন্নতি করা। প্রতিভা খুঁজে আনা হবে। তরুণ উদীয়মান ক্রীড়াবিদদের দিকে বেশি নজর দেওয়া হবে। রাজ্য থেকে আগামী দিনে যাতে অলিম্পিক্সে ক্রীড়াবিদেরা যান, সেই লক্ষ্যে কাজ করব আমরা।” পাশাপাশি তৃণমূল আমলে ক্রীড়াবিদদের জন্য চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না বলেও আশ্বাস দিয়েছেন নিশীথ।