হংসিকা এবং তাঁর প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমস (বাঁ দিকে)।
২০২২ সালে বিয়ে করেছিলেন হংসিকা মোটওয়ানী। কাছের বান্ধবীর স্বামীকে বিয়ে করায় কটাক্ষের মুখে পড়েন তিনি। সেই দাম্পত্যে সম্প্রতি ইতি টেনেছেন হংসিকা। স্বামী সোহেল খতুরিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী। আইনি বিচ্ছেদ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে তাঁদের। হংসিকার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেন তাঁর প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমস। পাল্টা বৌদির বিরুদ্ধে নাকি ২ কোটি টাকার মামলা করেছেন অভিনেত্রী। এ বার মুখ খুললেন অভিনেত্রীর প্রাক্তন বৌদি।
মুসকান এবং হংসিকার দাদা প্রশান্ত মোটওয়ানী ২০২০ সালে বিয়ে করেছিলেন। ২০২২ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তার পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু বিচ্ছেদের পর মুসকান হংসিকা ও তাঁর দাদার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তারই পাল্টা হংসিকা নাকি মুসকানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন।
শনিবার এটা নিয়ে মুসকান খানিকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘সবটাই আসলে পয়সা দিয়ে প্রচারের খেলা। যদিও এমন কিছু হয়ে থাকে তা হলে সেই চিঠি এল না কেন আমার কাছে? মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় যানজটে কি আটকে গিয়েছে?’’
মুসকানের অভিযোগ ছিল, তাঁর বিয়েতে হংসিকা নাকি অযথা হস্তক্ষেপ করেছিলেন। যদিও হংসিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, মুসকান তাঁদের থেকে ২৭ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ এড়াতেই মুসকান নাকি মিথ্যা দোষারোপ করছেন তাঁর প্রাক্তন স্বামী এবং ননদকে!