Nora fatehi song

ভারতে কাজ করা দায় নোরার! বিতর্কিত গানের জেরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি, আবার বিপাকে পড়লেন?

এ বার নোরার নামে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নালিশ করল আইনজীবীদের একটি দল। দাবি, ভারতে নোরার কাজের অনুমতি বাতিল করা হোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:৪৮
নোরা ফতেহি।

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। গানের কথা ও তাতে নোরা ফতেহির নাচের ভঙ্গিমা নিয়ে তুঙ্গে সমালোচনা। ভারতে ইতিমধ্যেই ‘নিষিদ্ধ’ হয়েছে এই গান। ক্ষমা চেয়েছেন নোরা, তবু বিতর্ক থামছে না। এ বার নোরার নামে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নালিশ করলেন একদল আইনজীবী। দাবি, ভারতে নোরার কাজের অনুমতি বাতিল করা হোক।

Advertisement

গানটি মুক্তি পেতেই প্রবল কটাক্ষের শিকার হন নোরা। এই গানের জন্য বিভিন্ন জায়গায় সমালোচিত হওয়ার পরে ক্ষমা চেয়ে নোরা জানান, তিন বছর আগে গানটির কন্নড় ভাষার শুট করেন। তখন গানের কথা নিয়ে কোনও সমস্যা থাকতে পারে বলে মনে হয়নি তাঁর। যদিও হিন্দিতে গানটি প্রকাশ্যে আসার পরে এখন তাঁরও অশালীন মনে হচ্ছে। নোরার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। তিনি তারকাসন্তান নন, কারও হাত নেই তাঁর মাথার উপরে। যা আছে, তা হল সম্মান। তার জোরেই কাজ পান। নোরার দাবি, পরিচালকেরা নাকি তাঁর কথা শোনেননি। এখন গানটি সরিয়ে নেওয়ায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এ বার খবর, ১০ জন আইনজীবীর একটি দল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। সেখানে লেখা হয়েছে, ‘‘খুব সম্মানের সঙ্গে জানাচ্ছি, নোরা ফতেহি ভারতে বসবাসের অহেতুক সুবিধা নিচ্ছেন। কারণ, তিনি প্রতিনিয়ত এমন সব বিষয়বস্তুতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছেন, প্রচার ও প্রসার করছেন, যা অশ্লীল, অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ। এই ধরনের জিনিস যে কোনও নারীর মর্যাদা এবং শিশু ও তরুণ-তরুণীসহ ভারতীয় সমাজের সংবেদনশীলতার জন্য অত্যন্ত আপত্তিকর।”

আইনজীবীদের ওই দল ফরেনার্স অ্যাক্ট (১৯৪৬)-এর উল্লেখ করে যুক্তি দিয়েছেন যে, বিদেশী নাগরিকদের আচরণ এ দেশের সাধারণ মানুষের শালীনতার বা শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে বিবেচিত হলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এ দেশের সরকারের রয়েছে। তাঁদের আর্জি, ভারতে যেন নোরার কাজ করার অনুমতি কে়ড়ে নেওয়া হয়। এ প্রসঙ্গে অভিনেত্রী এখনও মুখ খোলেননি।

Advertisement
আরও পড়ুন