দিব্যার মৃত্যুর সময় তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন কে? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যু এখনও দর্শকের কাছে রহস্য। কেউ বলেন, তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র। আবার কেউ কেউ সরাসরি আঙুল তোলেন স্বামী সাজিদ নাদিয়াদওয়ালার দিকে। ২৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। দিব্যার মৃত্যুর ৩৩ বছর পরে আবার কোন তথ্য এল প্রকাশ্যে।
দিব্যার খুবই কাছের বান্ধবী ছিলেন গুড্ডি মারুতি। তিনি জানিয়েছেন, যে সময় ওই ঘটনা ঘটে, তখন বাড়িতে উপস্থিত ছিলেন না দিব্যার স্বামী সাজিদ। অভিনেত্রী উল্টে জানান, সেই সময় দিব্যার বাড়িতে উপস্থিত ছিলেন নীতা লুল্লা। পুরো ঘটনাই ঘটেছিল তাঁর চোখের সামনে।
গুড্ডি বলেন, “দিব্যা কখনও উচ্চতায় ভয় পেত না। তাই নিজের পাঁচতলার ফ্ল্যাটের বারান্দার ধারে অনেক সময়ই বসে থাকত। আমি কত বার বারণ করেছি। বলত কিচ্ছু হবে না। সেই দিনও বারান্দা থেকে ঝুঁকে সাজিদের গাড়ি দেখতে গিয়েছিল। কেউ ভাবেনি এমন ঘটে যাবে।”
অভিনেত্রী জানিয়েছেন, তার আগের দিন রাতে তাঁরা চুটিয়ে পার্টি করেছিলেন। এমনকি, আউটডোর শুটিংয়ে যাওয়ার কথা ছিল দিব্যার। গুড্ডি যোগ করেন, “যখন বারান্দা থেকে ঝুঁকে দেখতে গিয়েছিলেন সেই সময় নীতা ওর বাড়িতে ছিল। সবটা ওর চোখের সামনে ঘটেছিল। সাজিদ তখন বাড়িতে ছিল না। বাইরে থেকে তখনই ফিরছিল। দিব্যার ঘটনা জানার পরে ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছিল।” কিন্তু সে সময় দিব্যার মৃত্যুর খবর যখন ছড়ায়, তখন অনেকেই আঙুল তুলেছিলেন সাজিদের দিকে। অভিনেত্রীর মৃত্যুতদন্তে যদিও তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা বলেই ঘোষণা করে। অভিনেত্রীর জন্মদিনের আগে এই ঘটনা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর বান্ধবী গুড্ডি।