Celebrity Controversy

প্রযোজক যখন আইনজীবী! যিশু সেনগুপ্তের আইনি পরামর্শের দায়িত্বে অতনু রায়চৌধুরী?

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে অভিনেতাকে আইনি পরামর্শ দিচ্ছেন অতনু রায়চৌধুরী। যদিও এখনও নাকি মামলা দায়ের করেনি কোনও পক্ষ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪
অতনু রায়চৌধুরী যিশু সেনগুপ্তকে আইনি পরামর্শ দিচ্ছেন।

অতনু রায়চৌধুরী যিশু সেনগুপ্তকে আইনি পরামর্শ দিচ্ছেন। ছবি: ফেসবুক।

প্রযোজনার পাশাপাশি তিনি আইনজীবীও। অনেক নামী-দামি সংস্থা তাঁর কাছে আইনি পরামর্শ নিতে আসে। অতনু রায়চৌধুরী নিজে তাদের পরামর্শ দেন, আদালতে উপস্থিত থেকে মামলা লড়েন। খবর, এ বার তিনি যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে অভিনেতাকে আইনি পরামর্শ দিচ্ছেন। উভয়পক্ষের কেউই নাকি এখনও মামলা দায়ের করেননি বলেই খবর।

Advertisement

যিশুর অতনু-যোগ নাকি দেবের মাধ্যমে। ‘খাদান’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন যিশু। ছবির নায়ক, সহ-প্রযোজক সাংসদ-অভিনেতা দেব। দেব-যিশু এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। পুরনো বন্ধুত্ব নতুন করে ঝালিয়ে নিয়েছেন ‘খাদান’-এ অভিনয়সূত্রে। সেই জায়গা থেকেই দেব তাঁর আইনি পরামর্শদাতা হিসাবে অতনুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। প্রযোজকও ফেলতে পারেননি তাঁর চারটি হিট ছবির নায়কের অনুরোধ।

তা হলে কি শীঘ্রই বিচ্ছেদ মামলা আদালতে উঠবে? বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এখনও মামলা দায়ের হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে, এর উল্টোটাও ঘটতে পারে। অর্থাৎ, আইনি বিচ্ছেদের পথে না-ও হাঁটতে পারেন তারকা দম্পতি। প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছরেরও বেশি দাম্পত্য। টলিউডে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ ছিলেন যিশু-নীলাঞ্জনা। গত বছর হঠাৎ আপ্ত সহায়ক শিনাল সূর্তির সঙ্গে অভিনেতার নাম জড়াতেই দাম্পত্যে চিড়। খবর, যিশু তাঁর কলকাতার বাড়ি-সহ যাবতীয় সম্পত্তি নাকি দুই মেয়ে সারা এবং জ়ারা সেনগুপ্তকে দিয়ে দিয়েছেন। ফিরে গিয়েছেন পুরনো বাড়িতে। উভয়ের বাক্যালাপ দূরঅস্ত, মুখ দেখাদেখি নেই।

Advertisement
আরও পড়ুন