R Madhavan Son

ভারতের হয়ে পদক জিতেছেন বেদান্ত, তার পরও ছেলেকে কোন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মাধবন?

ছেলের সাফল্যে খুশি মাধবন। কিন্তু সাফল্যে যেন মাথা না ঘুরে যায়! ছেলে যেন বিপথে না চলে যায়, সেই জন্য কড়া হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪৮
বার বার ভারতের জন্য পদক জিতেছেন, তবু কোন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাবা আর মাধবন।

বার বার ভারতের জন্য পদক জিতেছেন, তবু কোন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাবা আর মাধবন। ছবি: সংগৃহীত।

বাবা নামী অভিনেতা। তা সত্ত্বেও সম্পূর্ণ অন্য পথে হেঁটেছেন আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। সাঁতারে পারদর্শী বছর উনিশের বেদান্ত। সাঁতারু হিসাবেই কেরিয়ার গড়ার স্বপ্ন তাঁর। অলিম্পিকে যোগদানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। ছেলের সাঁতার প্রশিক্ষণের স্বার্থে ২০২১ সালে দুবাইয়ে চলে যান আর মাধবন ও তাঁর স্ত্রী। ২০২২ সালে ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন বেদান্ত। এ ছাড়াও কমনওয়েলথে পঞ্চম স্থান পান। ছেলের সাফল্য যেমন খুশি বাবা, তেমনই ছেলে যেন বিপথে না চলে যান সেই জন্য কড়া হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।

Advertisement

বলিপাড়ার বেশির ভাগ তারকা-সন্তানই বাবা-মায়ের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। তাঁদের বিলাসবহুল জীবনযাপন সর্ব ক্ষণ ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। হয় পার্টি করছেন, নয় জিমে শরীরচর্চা করছেন কিংবা বিদেশ ছুটি কাটাচ্ছেন। তাঁদের জীবনও সিনেমার থেকে কোনও অংশে কম নয়। তবে নিজের ছেলের এমন একটা জীবন হোক, তা চান না মাধবন। বিলাসবহুল জীবন নয়, বরং ছেলেকে অনেক বেশি মাটির সঙ্গে জুড়ে থাকার শিক্ষা দিচ্ছেন। মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি আমার ছেলেকে বলি সৌভাগ্যবশত তুমি আমার ছেলে। সেই জন্য এমন একটা আরামদায়ক জীবন পেয়েছ। তুমি অন্যদের মতো আরামদায়ক জীবন কাটাতে পারো না। তোমার উপর নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার চাপ রয়েছে। সেই বাড়তি চাপও নিতে হবে।’’

এমনিতেই তারকা সন্তানরা যেখানেই যান তাঁদের পিছু করে ক্যামেরা। কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে যাতে তেমনটা নয় সে প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘আমি চাই না আমার ছেলে শার্ট খুলে বসে ছবি তুলুক কিংবা ঘুমিয়ে দিন কাটাক। জাতীয় স্তরে খবর হয়েছে বলে নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবার প্রয়োজন নেই।’’

Advertisement
আরও পড়ুন