Don 3 Update

৪০ কোটি টাকা নিয়ে তরজা রণবীর ও ফারহানের মধ্যে! কত টাকা দিতে রাজি ‘ধুরন্ধর’ অভিনেতা?

রণবীর চুক্তিতে সই করার পরে নাকি ছবির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু শুটিং শুরুর। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে বেরিয়ে যান রণবীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩
Ranveer Singh was ready to pay some amount, but Farhan Akhtar did not agree

৪০ কোটি নিয়ে রণবীর—ফারহান ‘ধুন্ধুমার’! ছবি: সংগৃহীত।

৪০ কোটি টাকা নিয়েই এখন গোলমাল রণবীর সিংহ ও ফারহান আখতারের মধ্যে। ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে জানা যায়, ‘ডন ৩’ থেকে বেরিয়ে গিয়েছেন রণবীর। তার পর থেকেই বিতর্কের সূত্রপাত।

Advertisement

রণবীর চুক্তিতে সই করার পরে নাকি ছবির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু শুটিং শুরুর। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকে বেরিয়ে যান রণবীর। তাই ফারহান আখতার ও প্রযোজনা সংস্থার তরফ থেকে চাওয়া হয়েছে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ। বিষয়টি নিয়ে সম্প্রতি ‘ডন ৩’-র নির্মাতা ও রণবীরের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে ‘ধুরন্ধর’ তারকা দাবি করেছিলেন, তিনি কোনও ভাবেই নির্মাতাদের কোনও রকমের ক্ষতির জন্য দায়ী নন। মধ্যস্থতার জন্য বিষয়টি পৌঁছোয় প্রযোজকদের গিল্ড পর্যন্ত। কিন্তু জানা যাচ্ছে, গিল্ডও বিষয়টি থেকে সরে দাঁড়িয়েছে এবং দুই পক্ষকেই আইনি সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে।

শোনা যাচ্ছে, দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। নির্মাতাদের দাবি, ছবির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে গিয়েছিল। রণবীরের সঙ্গে চুক্তি হওয়ার পরেই তাঁরা এগোন। তবে রণবীরের দাবি, তিনি একটি টাকাও নেননি প্রযোজকের কাছ থেকে। তিনি মনে করেন না, কোনও ভাবেই তাঁর জন্য কোনও ক্ষতি হয়েছে। তবে সৌজন্য ও নিজের ভাবমূর্তির কথা ভেবে তিনি নাকি ৪০ কোটি টাকার মধ্যে কিছু টাকা দিতে রাজি হয়েছিলেন। তবে ফারহানের এতে সম্মতি নেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন বলিউডের এক সূত্র।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরেই নাকি ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান রণবীর। ফারহানের ছবির ঘোষণা হয়েছিল ২০২৩ সালে। সৃজনশীল মতবিরোধের জন্যই রণবীর এই ছবি থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে। সূত্রের কথায়, “ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি রণবীরের। কিছু পরিবর্তনের কথা বহু বার বলেছিলেন তিনি। উল্টো দিকে প্রযোজনা সংস্থার দাবি, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল, তাতে রণবীরের সম্মতি নিয়েই তারা কাজ শুরু করে দিয়েছে।” তবে রণবীর প্রকাশ্যে এই নিয়ে কোনও বিবৃতি দেননি এখনও।

Advertisement
আরও পড়ুন