Battle of Galwan

প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং! প্রতিরক্ষা মন্ত্রকের জন্যই কি সলমনের ‘ব্যাটল অফ গলওয়ান’-এর মুক্তিতে বিলম্ব?

প্রাণের ঝুঁকি নিয়ে ‘সিকন্দর’-এর শুটিং করেছিলেন। তার পরেও পর পর হুমকি পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। তাই এই ছবির শুটিং সেটও ছিল নিরাপত্তায় ঘেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১
কেন বাধা পড়ল সলমনের পথে?

কেন বাধা পড়ল সলমনের পথে? ছবি: সংগৃহীত।

গত বছর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘সিকন্দর’। তার পর থেকেই সলমন খানের অনুরাগীরা অপেক্ষায়, কবে মুক্তি পাবে ‘ব্যাটল অফ গলওয়ান’? ছবিটি ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন মুক্তি পাচ্ছে না ছবি। কেন মুক্তিতে বাধা পড়ল?

Advertisement

প্রাণের ঝুঁকি নিয়ে ‘সিকন্দর’-এর শুটিং করেছিলেন। তার পরেও পর পর হুমকি পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। তাই এই ছবির শুটিং সেটও ছিল নিরাপত্তায় ঘেরা। সম্প্রতি রোহিত শেট্টীর বাড়ির সামনে হামলাতেও স্তম্ভিত বলিউড। তাই কি আরও দেরি হচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তিতে? শোনা যাচ্ছে, সলমন ও ছবির নির্মাতারাই চাইছেন দেরিতে ছবি মুক্তি দিতে।

এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং এখনও শেষ হয়নি। যা ভাবা হয়েছিল, তার চেয়ে বেশি সময় লাগছে। ৯ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ শুটিং হবে মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে। এর পরেও আরও কিছু দিনের শুটিং বাকি থাকবে। ফেব্রুয়ারির মধ্যে শুটিং শেষ হবে।”

আরও একটি কারণেও ছবিমুক্তিতে সময় লাগবে। ছবিটি তৈরি হলে আগে দেখাতে হবে প্রতিরক্ষা মন্ত্রককে, যা বেশ সময়সাপেক্ষ। ফলে ১৭ এপ্রিল ছবি মুক্তি দেওয়া যাবে না বলেই মনে করছেন নির্মাতারা। সলমনও মনে করছেন, তাড়াহুড়ো করা ঠিক হবে না। এমন দেশাত্মবোধক একটি ছবি যত্ন নিয়ে তবেই প্রকাশ করতে হবে। সময় লাগলেও, ছবির গুণমানের সঙ্গে আপস করা যাবে না।

ছবি নিয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি সলমন ও পরিচালক অপূর্ব মখীজার। সূত্রের কথায়, “সলমনভাই কখন কী করবেন, কেউ জানে না। হতেই পারে, এত কিছুর পরেও ফের ১৭ এপ্রিলেই ছবি মুক্তি পেল। কিন্তু তার সম্ভাবনা কম।”

Advertisement
আরও পড়ুন