Salman's Life In Movie

সলমন-বিশ্নোই শত্রুতা নিয়ে ছবি! কৃষ্ণসার হরিণ শিকার থেকে হাজতবাসও আছে, ‘ভাইজান’ কে?

ব্যক্তি সলমনের বিতর্কিত জীবন দেখানো হবে ‘কালা হিরণ’ ছবিতে। ভাইজান আর বিশ্নোইয়ের দ্বন্দ্ব উঠে আসবে সেখানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১২:৫৪
রুপোলি পর্দায় সলমন খানের বিতর্কিত জীবন

রুপোলি পর্দায় সলমন খানের বিতর্কিত জীবন ছবি: সংগৃহীত।

সলমন খানের জীবন সত্যিই রুপোলি পর্দার জন্য আদর্শ। তাঁর প্রেমজীবন, তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক— সব দিকই ক্যামেরাবন্দি হওয়ার মতোই। এমন ভাবনা পরিচালক ভরত এস শ্রীনাতের। তিনি ভাইজানের প্রেমজীবন সরিয়ে রেখে বেছে নিয়েছেন তাঁর অন্ধকারাচ্ছন্ন, বিতর্কিত জীবনকে। কৃষ্ণসার হরিণ শিকার দিয়ে যার সূত্রপাত। ছবির নাম ‘কালা হিরণ’।

Advertisement

ছবির প্রযোজক অমতি জানি এ প্রসঙ্গে বলেছেন, “১৯৯৮ সালে যোধপুরের কাকানি গ্রামে সলমন শুটিং করতে গিয়েছিলেন। তাঁর সহ-অভিনেতারা ছিলেন সইফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে, সতীশ শাহ। সূরজ বরজাতিয়ার ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে তাঁরা কৃষ্ণসার হরিণ শিকারে বেরিয়েছিলেন। শিকার করেছিলেন সলমন। ঘটনাকে কেন্দ্র করে আইন-আদালত, লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, তারকা অভিনেতার হাজতবাস— সব ধরা এই ছবিতে।” ছবিটির শুটিং হয়েছে উত্তর প্রদেশের সম্বল, মোরাদাবাদ এবং অন্যান্য শহরে।

ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে শনিবার। প্রচার-ঝলক মুক্তি পাবে ২০ জুন। ছবির বিষয়বস্তু প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে বলিউড। প্রশ্ন উঠেছে, কেন পরিচালক সলমনের জীবনের বিতর্কিত দিকটি ছবির বিষয় হিসাবে বেছে নিলেন! একাধিক সংবাদমাধ্যমে প্রযোজক জানিয়েছেন, প্রকৃত ঘটনা অনেকেই জানেন না। সলমন হরিণ শিকার করেছেন, তার জন্য তিনি বিশ্নোইয়ের ‘চরম শত্রু’, এগুলোই ঘুরেফিরে সংবাদমাধ্যমে প্রকাশিত। আসল ঘটনার উপরে আলোকপাত করতেই ‘কালা হিরণ’ বানাচ্ছেন তাঁরা।

এ বার প্রশ্ন, সলমনের ভূমিকায় কাকে দেখা যাবে ছবিতে? সে প্রসঙ্গে অবশ্য এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক বা প্রযোজক। তবে বলিউডে গুঞ্জন, অভিনেতা সোনু মিশ্র ছবিতে অভিনয় করছেন। তাঁকেই সম্ভবত এই চরিত্রে দেখা যেতে পারে। সোনু এর আগে ‘সিকন্দর’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন।

Advertisement
আরও পড়ুন