Vijay Thalapathy

বিজয়ের জয়ের নেপথ্যে কাকে কৃতিত্ব দিলেন? থলপতিকে নিয়ে বিশেষ বার্তা সন্দীপ রেড্ডী বাঙ্গার

সমাজমাধ্যমে থলপতির জয়জয়কার। বিজয়রথে বিজয়ের উদ্‌যাপনের ছবি ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। অভিনেতা হিসাবে তাঁর বিপুল জনপ্রিয়তার জন্যই কি রাজনীতির ময়দানে এমন ফলাফল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৫:৫৯
বিজয়ের জয়ে কী বার্তা বাঙ্গার?

বিজয়ের জয়ে কী বার্তা বাঙ্গার? ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুতে সরকার গড়তে পারে অভিনেতা বিজয় থলপতি। তারকা হিসাবে তাঁর রাজপাট ছিলই। রাজনীতির ময়দানেও হয়ে উঠেছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এ বার এডিএমকে, ডিএমকে-সহ বাকি দলগুলিকে পিছনে ফেলে থলপতির দল টিভিকে তামিলনাড়ুর মসনদে বসতে চলেছে। দক্ষিণী তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বিজয়ের জয় নিয়ে এ বার মুখ খুললেন সন্দীপ রেড্ডী বাঙ্গা।

Advertisement

সমাজমাধ্যমে থলপতির জয়জয়কার। বিজয়রথে বিজয়ের উদ্‌যাপনের ছবিতে ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। অভিনেতা হিসাবে তাঁর বিপুল জনপ্রিয়তার জন্যই কি রাজনীতির ময়দানে এমন ফলাফল? সন্দীপ একটি পোস্টে লিখেছেন, “এই হল চলচ্চিত্রের ক্ষমতা। মানুষকে যেমন উদ্বুদ্ধ করতে পারে, আবার একটা গোটা প্রশাসনকে নাড়িয়েও দিতে পারে। মানুষের উপস্থিতিকে ক্ষমতায় বদলে ফেলতে পারে। পর্দার বাইরে চলচ্চিত্র এ ভাবেই রাস্তায় কাজ করে। কোনও অযাচিত চেঁচামেচি নয়। একেই বলে আসল ক্ষমতা।”

বিজয় ও তাঁর রাজনৈতিক দলকেও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিংহ’ ছবির পরিচালক। সোমবার ফলাফল প্রকাশ্যে আসার পরেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন বিনোদনজগতের তারকারা। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, টাইগার শ্রফ, কাজল অগ্রবাল, নিখিল সিদ্ধার্থ, অল্লু ভর্গেশ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার, পরিচালক বেঙ্কট প্রভু-সহ অনেকেই।

গত কয়েক মাস ধরে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সোমবার ফলপ্রকাশের আগে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃষা। অনুরাগীদের অনুমান, বিজয়ের জন্যই তিনি প্রার্থনা করতে গিয়েছিলেন। প্রথম বার রাজনীতিতে এসেই বিপুল সাফল্য পেয়েছেন বিজয় থলপতি। তিনিই মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন বলে অনুমান।

Advertisement
আরও পড়ুন