Pooja Dadlani

শাহরুখের আপ্তসহায়কের বেতন নাকি ঈর্ষনীয়! সেই পূজা দদলানীর সম্পত্তি আরও বৃদ্ধি পেল?

পূজার পারিশ্রমিক ও সম্পত্তির পরিমাণ নাকি তারকাদেরও টেক্কা দেয়। এ বার শাহরুখের সেই আপ্তসহায়ক আরও কিছুটা বৃদ্ধি করলেন নিজের সম্পত্তির পরিমাণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:২০
Shah Rukh Khan’s manager Pooja Dadlani purchased three new apartments

কী কিনলেন পূজা? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ছায়াসঙ্গী তিনি। বলিতারকা তাঁর কাজের জগতে কখন কী পদক্ষেপ করবেন, তার সব সিদ্ধান্ত নেন তিনিই— পূজা দদলানী। তাঁর পারিশ্রমিক ও সম্পত্তির পরিমাণ নাকি অনেক তারকাকেও টেক্কা দেয়। এ বার শাহরুখের সেই আপ্তসহায়ক আরও কিছুটা বৃদ্ধি করলেন নিজের সম্পত্তির পরিমাণ।

Advertisement

মুম্বইয়ে এক নতুন বাসস্থান কিনলেন পূজা। বান্দ্রা এলাকার এক আবাসনে তিনটি ফ্ল্যাট কিনলেন তিনি। তবে পূজার স্বামী হিতেশ প্রকাশ গুরনানি ও বাবা মোহন সেওরাম দদলানীরও বিনিয়োগ রয়েছে এখানে। একজোটে তাঁরা এই তিনটি ফ্ল্যাট কিনেছেন যার মোট দাম ৩৮.২১ কোটি টাকা।

পূজা যে তিনটি ফ্ল্যাট কিনেছেন, তার নির্মাণ এখনও সম্পূর্ণ হয়নি। প্রতিটি ফ্ল্যাট আয়তনে ১৫১১.১৫ বর্গফুট। তিনটি ফ্ল্যাট মিলিয়ে মোট আয়তন ৪৭৭৭ বর্গফুট। ২১ এপ্রিল এই ফ্ল্যাট কেনা সংক্রান্ত সমস্ত আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করেছেন পূজা ও তাঁর পরিবার। তিনটি ফ্ল্যাটের জন্য ২.১৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ও ৯০ হাজার টাকার রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে। ছ’টি গাড়ি রাখার জায়গাও পেয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, ২০২৮-এর ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ হবে এই আবাসনের।

গত ১২ বছর ধরে শাহরুখের আপ্তসহায়ক পূজা। তবে শুধু পেশার সম্পর্ক নয়, শাহরুখের ছায়াসঙ্গীর মতোই থাকেন। শাহরুখের পরিবারেরও অংশ হয়ে উঠেছেন তিনি। গৌরী খানের সঙ্গেও সুসম্পর্ক তাঁর। পেশার জগতে শাহরুখ যা যা সিদ্ধান্ত নেন, তার মধ্যে পূজার বিশেষ অবদান থাকে। কোন প্রযোজনা সংস্থার সঙ্গে বাদশা কাজ করবেন, কোন পণ্যের হয়ে প্রচার করবেন, সেই সবকিছুর পর্যালোচনা প্রথমে আপ্তসহায়কই করেন। তার পরে অন্তিম সিদ্ধান্ত নেন শাহরুখ। তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, পূজার ব্যবসায়িক বুদ্ধি প্রবল। তাই বিভিন্ন অনুষ্ঠান, সম্মেলনে শাহরুখের ছায়াসঙ্গীর মতো সঙ্গে থাকেন পূজা।

Advertisement
আরও পড়ুন