Shakira India Tour

পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ, বাতিল হল শাকিরার ভারত সফর, হাজার হাজার টাকার টিকিট নিয়ে কী সিদ্ধান্ত উদ্যোক্তাদের?

প্রথমে দু'টি শো করবেন ভেবেছিলেন, পরবর্তীতে শোয়ের সংখ্যা বাড়িয়ে তিন করা হয়। এর মাঝেই যুদ্ধ শুরু হয় পশ্চিম এশিয়ায়। তার জেরেই ভারত সফর বাতিল করলেন শাকিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৩:২৪
ভারতে আসা হচ্ছে না শাকিরার।

ভারতে আসা হচ্ছে না শাকিরার। ছবি: সংগৃহীত।

ইজ়রায়েল ও ইরানের যুদ্ধের আঁচ এসে পড়ল ভারতে। পশ্চিম এশিয়ার এমন যুদ্ধ পরিস্থিতি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করল শাকিরাকে। প্রায় ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করার কথা ছিল গায়িকার। প্রথমে দু'টি শো করবেন ভেবেছিলেন, পরে শোয়ের সংখ্যা বাড়িয়ে তিন করা হয়। এর মধ্যেই যুদ্ধ শুরু হয় পশ্চিম এশিয়ায়। তার জেরেই ভারত সফর বাতিল করলেন শাকিরা।

Advertisement

২০০৭ সালে ভারতে অনুষ্ঠান করতে আসেন, তার পরে শাকিরার এ দেশে আসা হয়নি। যদিও অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। কিন্তু সেটা ভারতে হয়নি। কিন্তু, এ বার ভারতীয় দর্শকের জন্য অনুষ্ঠান করবেন তিনি, স্থির হয়। পূর্বনির্ধারিত দু'টি তারিখ তো ছিলই, তা ছাড়াও শাকিরা আরও একটা দিন যোগ করেছিলেন তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ। এপ্রিলের ১০ তারিখ ও ১৫ তারিখ ছাড়াও ১১ তারিখ অনুষ্ঠান করবেন তিনি, কথা হয়। সেটাও হবে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে। অর্থাৎ, দু’দিন পর পর একই জায়গায় পারফর্ম করবেন তিনি। মুম্বইয়ে দু’দিন ও দিল্লিতে এক দিন থাকবেন তিনি। দ্বিতীয় দিনে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬০০০ টাকা। অন্য দিকে, সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

ইতিমধ্যেই অনুরাগীরা টিকিট কিনে ফেলেছেন। কেউ কেউ আবার বিমানের বুকিং, হোটেল বুকিং সেরে ফেলেছিলেন। সেই সব কিছুই পণ্ড হয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তারা একটি বিবৃতিতে বলেন, ‘‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে। ইতিমধ্যেই যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন, আাগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে ফের অনুষ্ঠান হবে, তা নিয়ে এখনই কোনও দিন নির্ধারণ হয়নি।’’ গায়িকার ভারত সফর বাতিল হতেই মুষড়ে পড়েছেন অনুরাগীরা। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন। শাকিরা এই অনুষ্ঠানগুলি করতেন সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে। এখান থেকে সংগৃহীত অর্থ দরিদ্র শিশুদের খাবারের জন্য দান করবেন বলে জানিয়েছিলেন গায়িকা।

Advertisement
আরও পড়ুন