শঙ্কুদেবের পরিচালনায় বড়পর্দায় আরজি কর কাণ্ড! ছবি: সংগৃহীত।
বড় পর্দায় এ বার আরজি কর-কাণ্ড। ছবি তৈরি হচ্ছে টালিগঞ্জেই।
২০২৪ সালে ৯ অগস্টের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্যে। দেশবিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদ। কলকাতায় মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীর উপর নির্যাতন ও তাঁর মৃত্যুর সেই ভয়াবহ ঘটনা নিয়ে তোলপাড় চলেছে নানা স্রোতে। রাজ্যে পালাবদলের নেপথ্যেও এই ঘটনার ভূমিকা রয়েছে বলে মনে করেন অনেকে। এ বার ছবিতে সেই ঘটনা তুলে আনছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বুধবার নিজের নতুন ছবির কথা প্রকাশ করে তিনি বলেন, ‘‘আরজি কর নিয়ে এখন আরও বহু নতুন তথ্য সামনে আসছে। সে সব কেউই জানতে পারেননি আগে। সব দেখাব ছবিতে। এটা তো শুধু ছবি নয়। এটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে।’’
ছবিটির পরিচালনা করছেন শঙ্কুদেব নিজেই। তবে অভিনয় কারা করবেন, তা এখনও প্রকাশ করতে চান না পরিচালক। শুধু বলেন, ‘‘কলকাতার অনেক অভিনেতাকে দেখা যাবে। থাকবেন শহরের বাইরেরও কেউ কেউ।’’
ছবির নামেই স্মরণ করা হয়েছে আরজি করের ঘটনার নির্যাতিতা ‘অভয়া’কে। ছবিটির নাম রাখা হয়েছে ‘অভয়া শক্তি’। প্রযোজক রানা সরকার জানান, অগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘‘বহু ক্ষেত্রেই দেখানো হবে ঘটনার আসল জায়গা।’’
আরজি কর কাণ্ড নিয়ে ছবি শঙ্কুদেবের পরিচালনায়। ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেও তৃণমূল সরকারের ঘনিষ্ঠদের অঙ্গুলিহেলনে চলত টলিপাড়ার অধিকাংশ কাজকর্ম। এমন অভিযোগ উঠেছে বার বার। তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন টালিগঞ্জের ফিল্ম ইন্ডিস্ট্রিতে কাজ করা অনেকে। শঙ্কুদেব সে প্রসঙ্গে বলেন, ‘‘নতুন সরকারের আমলে এমন কিছু আর হবে না। কেউ কাজ পাবেন, বা কোনও দলের কাছের লোক না হলে কাজ পাবেন না, এমন হবে না। সকলের কাজ পাওয়ার অধিকার আছে।’’ টলিউড সে দিক থেকে অনেকটাই বদলাবে বলে আশ্বাস দিচ্ছেন বিজেপি-র শঙ্কুদেব। তিনি বলেন, ‘‘অনেকে ভাবছেন, এ বার বুঝি বিজেপি-র কোনও এক ‘স্বরূপ বিশ্বাস’ এসে বসবেন টলিউডের দায়িত্বে। তা মোটেও হবে না। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী দায়িত্ব নিলেই তা স্পষ্ট হয়ে যাবে।’’
সরকার বদলের পরেই আরজি কর নিয়ে ছবি। অনেকেই ভাবতে পারেন, এটি প্রচারমূলক ছবি। সে বিষয়ে সচেতন পরিচালক শঙ্কুদেব। তাঁর কথায়, ‘‘চলচ্চিত্র হল বক্তব্য রাখার জায়গা। আমি এ ভাবেই বক্তব্য রাখছি।’’ পরিচালকের আরও বক্তব্য, ‘‘আমার হয়তো আগেই এই ছবি বানানো কর্তব্য ছিল। কিন্তু আগে অন্য কাজের ভার ছিল। ছবি বানানোর সময় পাইনি। আরজি কর নিয়ে ছবি বানানোর ভাবনা আগে থেকেই ছিল।’’ এ প্রসঙ্গে রানা সরকার বলেন, “নির্বাচনের পরে শঙ্কুদেব এই ছবির ভাবনা আমার কাছে নিয়ে আসে। তবে বলতে বাধা নেই, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে বলেই এই ছবি প্রযোজনা করার সাহস পেয়েছি। কিন্তু এই ছবি আগেই হওয়া উচিত ছিল। এমন আরও ছবি হওয়া দরকার।”
যে সকল অভিনেতা-অভিনেত্রী ঘটনার পরে অরজি কর-কাণ্ডের প্রতিবাদ করেছিলেন, পরে কাজ পেতে সমস্যায় পড়েছেন তাঁরা। এমন কথা বহু বার হয়েছে টালিগঞ্জে। এই ছবিতে কি তবে তাঁদের সকলকে দেখা যেতে পারে? পরিচালক ছবির সঙ্গে রাজনীতি মেলাতে চান না। তাঁর বক্তব্য, ‘‘ছবির চরিত্র যাঁকে দাবি করবে, সেই অভিনেতাকেই দেখা যাবে।’’