Akasa Singh

এ বার বিয়ের পিঁড়িতে সঙ্গীতশিল্পী আকাসা সিংহ! উত্তরাখণ্ডে শুরু হয়ে চারহাত এক হওয়ার প্রস্তুতি?

‘নাগিন’ মিউজ়িক ভিডিয়ো-খ্যাত সেই আকাসা সিংহ এ বার বিয়ের পিঁড়িতে। শোনা যাচ্ছে এমনটাই। গায়িকার বিয়ের জল্পনায় সরগরম বলিপাড়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:০৬
Singer Akasa Singh To Marry NRI Businessman After Years Of Dating; Destination Wedding In Uttarakhand Planned

কবে বিয়ে আকাসার? ছবি: সংগৃহীত।

কখনও অভিনয়ে, কখনও সঞ্চালনায়, কখনও বা ‘বিগ বস্’-এর ঘরে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তবে জনপ্রিয় হয়েছেন গায়িকা হিসাবেই। ‘নাগিন’ মিউজ়িক ভিডিয়ো-খ্যাত সেই আকাসা সিংহ এ বার বিয়ের পিঁড়িতে। শোনা যাচ্ছে এমনটাই। গায়িকার বিয়ের জল্পনায় সরগরম বলিপাড়া। শোনা গিয়েছে, সঙ্গীতশিল্পীর দীর্ঘদিনের প্রেমিক পেশায় এক জন ব্যবসায়ী। আমেরিকাতেই স্থায়ী বাস তাঁর। সেই ব্যবসায়ীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন গায়িকা।

Advertisement

বলিউড সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন এই জুটি। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিও নাকি জোরকদমে চলছে। গায়িকার এক ঘনিষ্ঠ সূত্রে খবর, “তাঁরা অনেকদিন ধরেই একে অপরকে ডেট করছেন। আকাসা খুবই খুশি, আর বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।”

সূত্রের খবর, ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য উত্তরাখণ্ডকে বেছে নিয়েছেন তাঁরা। চলতি বছরের নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে বিয়ের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হচ্ছে। সম্প্রতি, মুম্বইয়ের এক পোশাকশিল্পীর কাছে আকাসাকে বিয়ের পোশাকের ‘ট্রায়াল’ দিতে দেখা গিয়েছে। পাশাপাশি, বিয়ের সব কিছু চূড়ান্ত করতে তাঁকে উত্তর ভারতেও যেতে দেখা গিয়েছে বলে জানা যায়।

তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন আকাসা। তাই বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করবেন না বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে ‘সনম তেরি কসম’ ছবির ‘খিচ মেরি ফটো’ গানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আকাসা। তার পরে একাধিক গান উপহার পেয়েছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি, ‘ককটেল ২’ ছবিতেও গান গেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন