Sonu Nigam

৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে যায় শিশু! বাচ্চাটিকে উদ্ধার করে কী করলেন সোনু নিগম?

সম্প্রতি কর্নাটকের হুব্বলি শহরে অনুষ্ঠান ছিল সোনুর। ৩০ হাজার মানুষ তাঁর গান শুনতে এসেছিলেন। সেই ভি়ড়ের মধ্যে এক শিশু হারিয়ে যায়। অভিভাবকদের দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিল সেই বালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬
Sonu Nigam rescued a lost child and reunited him with his family

মঞ্চে সনু নিগমের সঙ্গে হারিয়ে যাওয়া সেই শিশু। ছবি: সংগৃহীত।

ভিড়ের মধ্যে হারিয়ে যায় এক শিশু। অবশেষে সেই বাচ্চাকে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দিলেন সোনু নিগম। অনুষ্ঠান চলাকালীন গানের মাধ্যমেই বাচ্চাটিকে তার অভিভাবকের কাছে পৌঁছে দেন তিনি।

Advertisement

সম্প্রতি কর্নাটকের হুব্বলি শহরে অনুষ্ঠান ছিল সোনুর। ৩০ হাজার মানুষ তাঁর গান শুনতে এসেছিলেন। সেই ভি়ড়ের মধ্যে এক শিশু হারিয়ে যায়। অভিভাবকদের দেখতে না পেয়ে ঘাবড়ে গিয়েছিল সেই বালক। তখন সোনুই তাকে শান্ত করেন। সেই মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়ক।

বালকটির নাম শ্রী সাই। ভিডিয়োয় দেখা যায়, শ্রী-র হাত ধরে মঞ্চে ঘুরছেন সোনু। বাচ্চাটি ঘাবড়ে গিয়েছে দেখে গায়ক মজার ছলে গাইতে শুরু করেন, “শ্রী সাই আ যাও, মম্মি পাপা ইসকো লে যাও, ইসকে মম্মি পাপা খো গয়ে, জলদি আকে লে যাও।” যার বাংলা মানে দাঁড়ায়, “শ্রী সাই এদিকে এসো, মা-বাবা এসে ওকে নিয়ে যান। ওর মা-বাবা হারিয়ে গিয়েছেন, তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান।” এই গান গেয়ে বাচ্চাটিকে শান্ত করেন সোনু। অবশেষে বাচ্চাটি বলে, তার সঙ্গে বাবা বা মা কেউই আসেননি। শুনে অবাক হয়ে যান সোনু। শ্রী জানায়, সে তার কাকুকে খুঁজছে। তখন মজা করে সোনু বলেন, “কাকু কোথায়? কাকু কি কাকিমার সঙ্গে চলে গেলেন নাকি? বড় ভাই দায়িত্ব দিয়েছিল বাচ্চার, আর আপনি এমন করছেন?” তবে সবটাই রসিকতার সুরেই বলেন সোনু। অবশেষে খোঁজ মেলে বাচ্চাটির কাকুর। সোনু নিশ্চিত হয়ে নিতে বলেন অনুষ্ঠানের আয়োজকদের। যথাযথ প্রমাণ দেখিয়েই যেন বাচ্চাটিকে তাঁরা নিয়ে যান, সেটিও বলে দেন গায়ক নিজেই।

এই মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিয়ে সোনু লিখেছেন, “৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল এই বাচ্চাটি। ভয় পেয়েছিল। তবে আমাকে খুঁজে পাওয়ার পরে ওর ভয় কাটে বলেই মনে হয়।” সোনুকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান তাঁর অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন