Arpan Ghoshal New Movie

নতুন ছবির শুটিং শুরু করলেন অর্পণ ঘোষাল? কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্র তৈরির দায়িত্বে রানা সরকার। একঝাঁক তারকাকে দেখা যাবে ছবিতে। এই ছবিতেই নাকি নতুন চরিত্রে দেখা যাবে অর্পণকে!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৪:৪৫
নতুন ছবিতে অর্পণ ঘোষাল?

নতুন ছবিতে অর্পণ ঘোষাল? ছবি: সংগৃহীত।

রাজদীপ ঘোষ পরিচালিত ‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলছে জোরকদমে। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্র তৈরির দায়িত্বে রানা সরকার। একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। শোনা যাচ্ছে, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষালকে।

Advertisement

নতুন ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে অর্পণকে? প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। তিনি অবশ্য এখনই কোনও কিছু বলতে রাজি নন। শোনা গিয়েছে, ছবিটি তৈরির আগে যখন মহুয়াকে নিয়ে নানা তথ্য পাওয়া গিয়েছে, সেই সময় নন্দন বলে একটি নাম উঠে আসে। যিনি কোনও একটি হোটেলে কাজ করতেন। সম্ভবত কোনও একটি ছবির শুটিং করতে গিয়েই মহুয়ার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। সেই নন্দনের চরিত্রেই নাকি দেখা যাবে অর্পণকে।

শোনা গিয়েছে, নন্দন চরিত্রটি একেবারে অন্য ভাবে এসেছিল অভিনেত্রীর জীবনে। বাংলা চলচ্চিত্রজগতের অন্যতম আলোচিত নায়িকা হিসাবে তাঁর জীবনে বিভিন্ন সময়ে অনেকেরই আনাগোনা হয়েছে বলে শোনা যায়। কিন্তু সূত্র বলছে, মহুয়ার জীবনে নন্দন এসেছিলেন নিঃস্বার্থ ভাবে। এই চরিত্রেই নাকি দেখা যাবে অর্পণকে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।

মহুয়ার চরিত্রে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। সে কথা সকলের জানা। সদ্য প্রকাশ্যে এসেছে ছবিতে অভিনেতা গৌরব চক্রবর্তীর ‘লুক’। তদন্তকারী অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। মহুয়ার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। সেই চরিত্রে দেখা যাবে গৌরবের অভিনেত্রী স্ত্রী ঋদ্ধিমা ঘোষকে। প্রসঙ্গত, ছবির শুটিং প্রায় শেষের পথে। সম্ভবত চলতি বছরেই মুক্তি পাবে মহুয়ার জীবনীচিত্র।

Advertisement
আরও পড়ুন