Jasmine Bhasin Terminal Ileitis

সামান্য পেট ব্যথা থেকে হাসপাতাল! এখনও বিপন্মুক্ত নন জৈস্মীন? কী হতে পারে টার্মিনাল ইলাইটিস রোগে

টার্মিনাল ইলাইটিসে আক্রান্ত জৈস্মীন ভসীন দুবাই থেকে ভারতে ফিরে এসে রোগের চিকিৎসা করাচ্ছেন। অনুরাগীদের জানিয়েছেন, তিনি এখনও বিপন্মুক্ত নন। এই রোগের কারণ ও উপসর্গ কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:২৬
অভিনেত্রী জৈস্মীন ভসীন।

অভিনেত্রী জৈস্মীন ভসীন। ছবি: ফেসবুক

নিজের জন্মদিন পালন করতে দুবাই গিয়েছিলেন জৈস্মীন ভসীন। সঙ্গে ছিলেন প্রেমিক অলী গনি। কিন্তু আনন্দের সেই সফর আচমকাই পরিণত হয় স্বাস্থ্যসঙ্কটে। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কেক কাটতে হয় অভিনেত্রীকে।

Advertisement

দুবাই পৌঁছোতে না পৌঁছোতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। বিশেষ সংক্রমণে আক্রান্ত হন তিনি। রোগের নাম টার্মিনাল ইলাইটিস। কী এই রোগ, যা নিয়ে কথা চলছে নানা দিকে?

দুশ্চিন্তা বেড়েছে জৈস্মীনের অনুরাগীমহলে। কারণ ভারতে ফিরে এসে রোগের চিকিৎসা করাতে করাতে জৈস্মীন নিজেই জানালেন, তিনি এখনও বিপন্মুক্ত নন। এই রোগ নিয়ে ক্রমেই প্রশ্ন বাড়ছে। কী এই টার্মিনাল ইলাইটিস? কী কী কারণে হয় এই রোগ?

টার্মিনাল ইলাইটিস হয়েছে কি না কী ভাবে বুঝবেন?

টার্মিনাল ইলাইটিস হয়েছে কি না কী ভাবে বুঝবেন? ছবি: সংগৃহীত

টার্মিনাল ইলিয়াম হল ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ, যেটি গিয়ে জুড়ছে বৃহদান্ত্রের সঙ্গে। খানিক সেতু হিসাবে কাজ করে এটি। পাশাপাশি পুষ্টির শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ইলিয়ামের শেষ ভাগে প্রদাহ সৃষ্টি হলে ইলাইটিস হয়। বিভিন্ন কারণে এই প্রদাহ হতে পারে। অনেক ক্ষেত্রে এটি ক্রোনস রোগ বা কোনও অটোইমিউন রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে টার্মিনাল ইলাইটিসে আক্রান্ত সব রোগীরই ক্রোনস ডিজ়িজ় হয় না। তা ছাড়া সংক্রমণ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, টিউবারকিউলোসিস বা অন্য অন্ত্রজনিত সমস্যার কারণেও দেখা দিতে পারে। এই রোগের সঙ্গে ডায়েরিয়াও হতে পারে, তলপেটে ব্যথাও হতে পারে।

কী কী কারণে টার্মিনাল ইলাইটিস দেখা দিতে পারে?

· ক্রোনস ডিজ়িজ়

· ব্যাক্টেরিয়া বা ভাইরাসের সংক্রমণ

· টিউবারকিউলোসিস

· কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

· অন্ত্রে রক্ত সরবরাহ কম

· প্রদাহজনিত বিরল রোগ

উপসর্গ কী কী?

· বমি ভাব

· ক্লান্তি

· তলপেটের ডান দিকে ব্যথা

· খিদে কমে যাওয়া

· পেটফাঁপা

· ডায়েরিয়া

· জ্বর

· ওজন কমে যাওয়া

· মলত্যাগের সময়ে রক্তপাত

এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। অনেকেই পেটে ব্যথা, ডায়েরিয়া বা হজমের সমস্যাকে সাময়িক অস্বস্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে এই উপসর্গ চলতে থাকলে বা হঠাৎ খুব তীব্র হয়ে উঠলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এর পিছনে সাধারণ বদহজম থেকে শুরু করে অন্ত্রের গুরুতর প্রদাহজনিত সমস্যাও লুকিয়ে থাকতে পারে।

Advertisement
আরও পড়ুন