ধারাবাহিকে আদৃত রায়কে দেখা যাবে না? ছবি: সংগৃহীত।
‘মিত্তির বাড়ি’ শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। এরই মধ্যে গুঞ্জন, নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা আদৃত রায়। যদিও অভিনেতা বা চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি। টলিপাড়ার অন্দরের ফিসফাস এক নামী প্রযোজনা সংস্থার তরফে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। কিন্তু, সেই ধারাবাহিকের কাজ শুরুর আগেই নাকি তাতে ঘটছে বদল!
খবর, ‘অরগ্যানিক্স’ প্রযোজনা সংস্থা আনছে নতুন ধারাবাহিক। কিন্তু এই ধারাবাহিক প্রসঙ্গে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সূত্র বলছে, নতুন ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা আইপিএল-এর পর থেকে। আইপিএল শুরু হবে আগামী মাস থেকে। সেই সঙ্গে আরও এক গুঞ্জন, নতুন কাহিনিতে নাকি আদৃতের পরিবর্তে দেখা যেতে পারে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। ‘পুবের ময়না’ শেষ হওয়ার পরে গৌরবকেও অনেক দিন দেখা যায়নি ছোটপর্দায়।
গৌরব রায়চৌধুরী। ছবি: সংগৃহীত।
তা হলে কি সত্যিই আদৃতের পরিবর্তে অভিনয় করবেন তিনি? আনন্দবাজার ডট কম-কে গৌরব বললেন, “আমি জানি না। এরকম কোনও কথা তো হয়নি।” গত কয়েক মাসে অভিনেতা মূলত বড়পর্দা এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। ‘কঙ্কিনী ভবন’ সিরিজ়ে শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও এই নতুন ধারাবাহিক নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। এর মধ্যে আদৃত অবশ্য নিজের গানের দলের সঙ্গে বেশ কিছু অনুষ্ঠান করেছেন।