New Bengali Movie

মেয়েকে নিয়ে স্বস্তিকার লড়াই বড় পর্দায়, সমাধান খুঁজতে একজোট শিলাজিৎ-সত্যম-গৌরব

স্বস্তিকা মুখোপাধ্যায়-সায়ন্তন ঘোষালের জুটি মানেই মানবিক আবেদনের মোড়কে রহস্য-রোমাঞ্চ গল্প। এ বার কোন লড়াই তুলে ধরবেন জুটি?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩০
স্বস্তিকা মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় সায়ন্তন ঘোষালের ছবিতে।

স্বস্তিকা মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় সায়ন্তন ঘোষালের ছবিতে। ছবি: ফেসবুক।

কলকাতা নাকি যতটা আন্তরিক, ততটাই ভয়ঙ্কর! অলিগলির আলোআঁধারিতে লুকিয়ে অনেক বোবা কান্না, আর্ত চিৎকার, সব খোয়ানোর হাহাকার। তার খবর ক’জন রাখে? যেমন, পূর্বা। তার অতীত ক’জন জানত? অনেক লড়াই, অনেক বিনিদ্র রজনী কাটিয়ে তবে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখছিল। শহরের বুঝি সহ্য হল না! তার আর মেয়ের মাথা গোঁজার আশ্রয়ের দিকে কুনজর কলকাতার। দুর্বৃত্তদের ‘টার্গেট’ তারা। ঠিক এই সময়েই সামনে এসে দাঁড়িয়েছে তার অতীত। যা প্রাণপণে এত দিন আড়াল করতে চেয়েছে সে।

Advertisement

সব বাঁচিয়ে নিজের লক্ষ্যে কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে সব হারানো পূর্বা?

সায়ন্তন ঘোষালের পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

সায়ন্তন ঘোষালের পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

জবাব জানে না সে। সে কী পাবে, কতটা পাবে— জানেন একমাত্র পরিচালক সায়ন্তন ঘোষাল। কারণ, তিনিই বড় পর্দায় পূর্বা আর তাঁর মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন। ছবির নাম ‘অশনি’। যার খবর প্রথম জানাচ্ছে আনন্দবাজার অনলাইন। আরও এক বার পরিচালকের সঙ্গী স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে হইচই ওয়েব প্ল্যাটফর্মের জন্য স্বস্তিকাকে নিয়ে সিরিজ় ‘বিজয়া’ বানিয়েছিলেন পরিচালক। যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয়। সিরিজ় দেখে নতুন করে আতঙ্কে ভুগেছিলেন এই প্রজন্মের মায়েরা। স্বস্তিকা নিজেও মা। তাই তাঁর অভিনয় আলাদা মাত্রা পেয়েছিল।

ছবিতে দেখা যাবে শিলাজিৎ মজুমদার, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্যকে।

ছবিতে দেখা যাবে শিলাজিৎ মজুমদার, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্যকে।

এ বারেও কি তেমনই কিছু জায়গা করে নেবে ছবিতে? তা হলে ছবির রহস্য, আকর্ষণ— সব কমে যাবে! এই যুক্তিতে সায়ন্তন এখনই কিছু বলতে নারাজ। এখনও তিন দিনের শুটিং বাকি। গোটা কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে শুটিং করছেন তিনি। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে থাকছেন দিতিপ্রিয়া রায়। সম্ভবত তিনিই স্বস্তিকার মেয়ে। রহস্যের জট ছাড়াতে (না কি রহস্যকে আরও জটিল করতে) জোট বাঁধছেন এক ঝাঁক তারকা। তালিকায় শিলাজিৎ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য। কাহিনি এবং চিত্রনাট্যে পরিচালক-চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। এই ছবি দিয়ে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়। সব ঠিক থাকলে বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পেতে পারে।

Advertisement
আরও পড়ুন