Haripal

টিউশন নিয়ে ফেরার পথে ছাত্রীর হাত ধরে টান! হরিপালে জওয়ানকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়েরা, বিক্ষোভ

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হরিপালের বন্দিপুর এলাকায় টিউশন নিয়ে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, তাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক জওয়ান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২৩:৫০
হরিপাল থানার সামনে বিক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের।

হরিপাল থানার সামনে বিক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের। — নিজস্ব চিত্র।

টিউশন নিয়ে বাড়ি ফেরার পথে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। এই নিয়ে উত্তাল হুগলির হরিপাল। স্থানীয় থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হরিপালের বন্দিপুর এলাকায় টিউশন নিয়ে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, তাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক জওয়ান। সাইকেল ফেলে ওই ছাত্রী দৌড় দেয়। গ্রামের মানুষজন ওই জওয়ানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। হরিপাল থানায় রয়েছেন অভিযুক্ত। তিনি ভোটের কাজে এসেছিলেন বলে খবর।

ঘটনার প্রতিবাদে থানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা। হুগলি (গ্রামীণ)-র পুলিশ সুপার সানি রাজ বলেন, ‘‘একটা ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতার করে ফরওয়ার্ড করা হবে। বিএসএফের উর্দিতে রয়েছেন অভিযুক্ত। তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

শুক্রবার রাতে হরিপাল থানায় যান তৃণমূল নেতা বেচারাম মান্না। তিনি বলেন, ‘‘বিএসএফ জওয়ানের এই কাণ্ডে মেয়েরা সুরক্ষিত নন, এটা প্রমাণ হল। আমরা চাই, ওঁকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। ওঁর শাস্তি চাই।’’

Advertisement
আরও পড়ুন