Kalbaishakhi in West Bengal

কালবৈশাখী চলবে! গণনার দিন ৬০ কিলোমিটার বেগে কলকাতায় ঝড়ের পূর্বাভাস, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা

সমুদ্রে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সে কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:১৭
কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

রাজ্যে এখনই থামছে না ঝ়ড়বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি রয়েছে সতর্কতা। সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সে দিন রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড়বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার হেরফের হবে না।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি।

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণের বাকি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে কমলা সতর্কতা। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সমুদ্রে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সে কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। তার পরে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে রবিবারও ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকেই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমবে, তবে থামবে না।

Advertisement
আরও পড়ুন